
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আত্মবিশ্বাসী হলেও সতর্ক অবস্থানেই আছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপের আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির সঙ্গে অন্য কোনো অর্জনের তুলনা চলে না। অতীতের সাফল্য ভুলে দেশমের পুরো মনোযোগ এখন সামনের দিকে।
দেশমের কোচিংয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতে ফ্রান্স। এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফরাসিরা। ফিফাকে এই কোচ বলেন, ‘আমি শুধু আজ আর আগামীকাল নিয়েই ভাবি, আমি এমনই। সত্যি বলতে, এর বাইরে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমার পুরো মনোযোগ সামনে কী আছে, সেদিকে।’
১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্মৃতির প্রসঙ্গ টেনে দেশম বলেন, ‘১৯৯৮ আর ২০১৮ সালের স্মৃতিগুলো সব সময় আমার সঙ্গে থাকবে, কিন্তু অতীত বদলানো যায় না। এখন গুরুত্বপূর্ণ হলো সামনে আমরা কী করি। ১৯৯৮ আর ২০১৮ সালে আমার ভূমিকা আলাদা ছিল, কিন্তু আমি দুই সময়ই সেখানে ছিলাম। দুটি অভিজ্ঞতাই ছিল অবিশ্বাস্য রকমের জাদুকরি।’
ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য পাওয়া দেশমের কাছে বিশ্বকাপের মর্যাদা অন্য সব কিছুর ঊর্ধ্বে। তিনি বলেন, ‘ক্লাব ফুটবলে আমি অনেক ট্রফি জিতেছি, চ্যাম্পিয়ন্স লিগও জিতেছি। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে বড় কিছু নেই। আপনার নাম একই থাকে, তবে তার সঙ্গে চিরদিনের জন্য দুটি শব্দ যুক্ত হয়ে যায়—‘বিশ্ব চ্যাম্পিয়ন’।’
ফ্রান্সের কোচ হিসেবে শেষবারের মতো বিশ্বকাপে যাচ্ছেন দেশম। বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবেই টুর্নামেন্টে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। তবে প্রত্যাশার চাপ যে রয়েছে, তা স্বীকার করেছেন দেশম, ‘আমাদের ফলাফলই প্রত্যাশার মাত্রা বাড়িয়েছে। ২০১৮ সালে আমরা ট্রফি জিতেছি, ২০২২ সালে ফাইনালে উঠেছি। তাই সমর্থকেরা স্বাভাবিকভাবেই আশা করেন জুলাইয়ের মাঝামাঝি সময়েও ফ্রান্স লড়াইয়ে থাকবে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বাস্তব সম্ভাবনা আছে—এমন ১০ থেকে ১২টি দেশের মধ্যে আমরা একটি। কিন্তু জানেন শেষ পর্যন্ত কয়টি দল চ্যাম্পিয়ন হবে? মাত্র একটি। অর্থাৎ অন্তত ১১টি দেশ হতাশ হবে।’
গ্রুপ পর্বে ফ্রান্সের প্রথম ম্যাচ সেনেগালের বিপক্ষে। ম্যাচটি ফিরিয়ে আনছে ২০০২ বিশ্বকাপের স্মৃতি, যখন শিরোপাধারী ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল সেনেগাল। তবে দেশম অতীতের সেই হারকে বর্তমানের সঙ্গে মেলাতে নারাজ, ‘তখন আমার বর্তমান খেলোয়াড়দের বেশির ভাগই জন্মায়নি, কিংবা এত ছোট ছিল যে কিছুই বোঝার মতো বয়স হয়নি। খেলাধুলায় প্রতিশোধ বলে কিছু নেই। ওটা এখন ইতিহাস। এটি নতুন একটি অধ্যায়। সেনেগাল আফ্রিকার অন্যতম সেরা ফুটবল জাতি।’
সেনেগালের বিপক্ষে ম্যাচে আক্রমণভাগ নিয়ে আশাবাদী দেশম। উসমান দেম্বেলে, মাইকেল অলিজে ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবে দলে প্রতিভার আধিক্য থাকলেও সঠিক সমন্বয়ের গুরুত্বই বেশি দেখছেন ফরাসি কোচ, ‘তাদের সবাইকে তো একসঙ্গে খেলানো সম্ভব নয়। সম্ভাবনা অনেক, কিন্তু আমাদের সঠিক সমন্বয় খুঁজে বের করতে হবে। ব্যক্তিগত অহম যেন বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের দরকার ভারসাম্য, আর সবচেয়ে বেশি দরকার একে অপরের সঙ্গে বোঝাপড়া ও কার্যকর জুটি।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে