
বাংলাদেশের উইকেট বরাবরই ধীরগতির। পেসারদের দাপট খুব কমই দেখা যায়। স্পিন মঞ্চে কখনো কখনো ঝড় তোলেন পেসাররা। তবে সেটা বাংলাদেশের নয়, প্রতিপক্ষ পেসারদের কথাই বলা হচ্ছে। এই যেমন চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের শেষের নায়ক তিনিই।
চট্টগ্রাম টেস্টের উইকেট স্পিন-নির্ভর না হলেও কিছুটা ভালো ছিল। ব্যাটার ও বোলার দুই পক্ষের সামনেই সুযোগ এসেছে। ব্যবধান গড়ে দিয়েছে আবিদ আলীর রাজসিক পারফরম্যান্স ও আফ্রিদির নৈপুণ্য। আজ থেকে শুরু হওয়া মিরপুর টেস্টে দুজনের দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান। আর তাঁদের চোখ উইকেটে। কেমন হবে এই টেস্টের উইকেট?
উইকেট যেমনই হোক, একটু কৌশলী হলেই মিরপুরের উইকেট থেকে মিলতে পারে সাফল্য। গতকাল ম্যাচ-পূর্ব সাংবাদ সম্মেলনে সেই মন্ত্রটা বলে দিলেন আফ্রিদি, ‘এশিয়ার সব উইকেট কম-বেশি ধীরগতির। লোকে বলে, স্পিনারদের সহায়তা বেশি থাকে। কিন্তু শক্তপোক্ত হলে এবং গায়ে জোর থাকলে এখানেও কার্যকর হওয়া যায়। জুটি বেঁধে বল করতে হয়। হাসানেরও এখানে কৃতিত্ব আছে।’
এ বছর পাকিস্তানের টেস্টে বোলিং ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন এই দুই পেসার। তাঁদের ব্যক্তিগত সুস্থ প্রতিদ্বন্দ্বিতার সুফল পাচ্ছে পাকিস্তান। এই পঞ্জিকাবর্ষে ৩৯ উইকেট পেয়েছেন হাসান আলী। পাঁচটি বেশি আফ্রিদিরি। ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তিনি এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ শিকারি।
চট্টগ্রাম টেস্টে হাসান ও আফ্রিদি দুজনই নিয়েছেন সমান ৭ উইকেট। প্রথম ইনিংসে হাসান এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামান আফ্রিদি। সতীর্থদের সঙ্গে এই লড়াই বেশ উপভোগ করছেন বাঁ-হাতি পেসার। এই টেস্টেও হাসানকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বিপর্যস্ত করার আশায় আছেন আফ্রিদি।
আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘হাসানের সঙ্গে বোলিংটা আমি উপভোগ করি। আমরা জুটি বেঁধে বোলিং করি এবং নিজেদের মধ্যে পরিকল্পনা করি, কীভাবে ব্যাটসম্যানকে আটকানো বা দ্বিধায় ফেলা যায়। আমার কাছে স্পেল যে কয় ওভারেই হোক, আগ্রাসী বোলিং করতে চাই। এভাবেই সাফল্য ধরা দিচ্ছে। দ্বিতীয় টেস্টেও আমরা আগের টেস্টের মতো পারফর্ম করতে চাই।’
আফ্রিদির স্বপ্ন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের মতো নামকরা বোলার হওয়া। সেটা অবশ্য আলোকবর্ষ দূরের পথ। আপাতত মিরপুর টেস্টেই নজর দিচ্ছেন আফ্রিদি। বাংলাদেশকে ধবলধোলাই করতে চান তাঁরা। বাঁ-হাতি পেসার বলেছেন, ‘ছেলেরা প্রস্তুত দ্বিতীয় টেস্টের জন্য। অবশ্যই লড়াই করব এবং ভালোভাবে শেষ করার চেষ্টা থাকবে। এখান থেকে সিরিজ জিতে (দেশে) ফিরতে চাই।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩৯ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে