মাঠের বাইরে তিনি শান্ত–চুপচাপ। সেই মেহেদী হাসান ব্যাট হাতে ২২ গজে নামলেই হয়ে ওঠেন অন্য রকম। ৫ ফুট ৬ ইঞ্চির উচ্চতার ছোটখাটো মানুষটা প্রথম বল থেকেই শুরু করেন ভয়ডরহীন ব্যাটিং। সঙ্গে মেহেদীর ওই অফ স্পিনটা তো বিপক্ষের ব্যাটসম্যানদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে নিয়মিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়ে ব্যাটে–বলে দারুণ উজ্জ্বল ছিলেন মেহেদী। এই সিরিজটা যেন পুনর্জন্ম দিয়েছে এই অলরাউন্ডারকে। মিরপুরের কঠিন উইকেটে স্বাভাবিক ব্যাটিংটা সেভাবে করতে পারেননি হয়তো। তবে মেহেদী যা কিছু রান করেছেন সেটাই লো স্কোরিং ম্যাচে দলের কাছে হয়েছে বড় পাওয়া। মেহেদীর বোলিংও হয়েছে দারুণ। ইনিংসের শুরুতে বোলিংয়ে এসে সাকিব আল হাসান ও নাছুম আহমেদকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার কাজটা করে গেছেন পুরো সিরিজজুড়ে।
৫ ম্যাচে ব্যাট হাতে ৭২ রান করেছেন মেহেদী। অফ স্পিন বোলিংয়ে পেয়েছেন ৪ উইকেট। উইকেটশিকারে কিছুটা পিছিয়ে থাকলেও ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি রান আটকে রাখার কাজটিও ভালোভাবেই করেছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। পাঁচ টি–টোয়েন্টিতে দিয়েছেন ৪৯টি ডট বল।
অস্ট্রেলিয়া সিরিজ শেষে কদিনের ছুটি পেতেই মেহেদী ছুটেছেন খুলনায় বাড়িতে। সেখান থেকেই কথা বললেন আজকের পত্রিকার সঙ্গে। ভয়ডরহীন ব্যাটিংয়ের রহস্যটা কি—এমন প্রশ্নে হেসে উঠলেন মেহেদী। এরপর মেহেদীর চকিত জবাব, ‘রহস্য নিজেও জানি না!’ রহস্যটা পরে মেহেদী খোলাসা করলেন নিজেই, ‘সত্যি সব সময় মনে হয় যে হারানোর তো কিছু নেই। বরং পাওয়ার অনেক কিছু থাকে। এই জিনিসটাই মনে হয় সব সময়। ব্যাটিং করতে গেলে ভাবনার প্রয়োজন আছে। তবে পরিস্থিতির চাওয়া অনেক কিছুই পরিবর্তন করে দেয়।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন মেহেদী। দলের হয়ে ব্যাটিং–বোলিং দুটিতেই ইনিংস শুরু করার ছোট্ট তালিকায় উঠে গেছে এই অলরাউন্ডারের নাম। ২০১৮ সালে এশিয়া কাপে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার টি–টোয়েন্টিতে সে তালিকায় নাম লেখালেন আরেক মেহেদী। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ওপেনিংয়ে ব্যাটিং–বোলিং করলেও আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদীর এই অভিজ্ঞতা হলো প্রথম। অন্য চার টি–টোয়েন্টিতেও একেকদিন একেক পজিশনে ব্যাটিং করতে হয়েছে মেহেদীকে।
যে কোনো পজিশনে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে হয় মেহেদীকে। তবে এই কঠিন বিষয়টিকেই সহজ চোখে দেখছেন এই অলরাউন্ডার, ‘এটি অবশ্যই যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। তবে আমার মনে হয় কঠিন কিছু থেকেই ভালো কিছু শেখা যায়। এটাতে কোনো অজুহাতের কিছু নেই। আমি যদি ব্যর্থ হই, অবশ্যই ব্যর্থ। ভালো করলে তো সবাই বাহবা দেবে। ভালো না হয় খারাপ হবে—হারানোর কিছু তো নেই।’
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো করলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো প্রমাণের অনেক কিছু আছে মেহেদীর। অবশ্য সেভাবে সুযোগও আসেনি এখনো। প্রায়ই ব্যাটিং করতে হয় কঠিন পরিস্থিতিতে। মেহেদীও মানছে,ন এখনো নিজের সেরাটা দিতে বাকি তাঁর, ‘ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলি, জাতীয় দলে এখনো সেভাবে পুরোপুরিভাবে খেলতে পারিনি। আশা করছি সামনে আরও ভালো করতে পারব ইনশা আল্লাহ।’
তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেহেদী খেলেছেন ৩ ওয়ানডে ও ১৪ টি–টোয়েন্টি। ধারাবাহিকভাবে সুযোগ পেলেই ভালোটাও বেরিয়ে আসে যে কোনো ক্রিকেটারের। মেহেদীও মনে করিয়ে দিলেন সেটি, ‘একটি বিষয় গুরুত্বপূর্ণ যে, একজন খেলোয়াড়ের কাছে ১০–১৫ ম্যাচ দিয়ে কিছু পাওয়া যাবে না। ক্রিকেটে চাওয়া মাত্র কিছু পাওয়া যায় না। বেশি ম্যাচ খেললে ফিডব্যাকটাও সেভাবে পাওয়া যাবে। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই একই। ধৈর্য একটা ব্যাপার।’
জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া সিরিজেও অনেক সিনিয়র ক্রিকেটারকেই পায়নি বাংলাদেশ। সেটি দারুণভাবেই পুষিয়ে দিয়েছেন মোস্তাফিজ, সোহান, মেহেদী, আফিফ, নাছুমরা। তরুণেরা ব্যাটে–বলে দায়িত্ব নিয়েছেন প্রতি ম্যাচেই। তরুণদের একসঙ্গে জ্বলে ওঠার পেছনে মেহেদী দেখছেন পারস্পরিক বিশ্বাস–বোঝাপাড়াটা। বললেন, ‘আমরা যারা তরুণ আছি, সবার সঙ্গে সবার বোঝাপাড়াটা খুবই ভালো। ঘরোয়া কিংবা অন্য ক্রিকেটে দেখা যায় ঘুরেফিরে সবার সঙ্গেই খেলতে হয়। একজন আরেকজনকে চিনি, জানি। একজনের প্রতি আরেকজনের বিশ্বাসটা আছে। সতীর্থের ওপর বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা এখন যে সুন্দর পরিবেশে আছি, তার মূল কারণ দলীয় সংহতি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩১ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে