
চট্টগ্রাম টেস্টে দিনের প্রথম দুই সেশন বাংলাদেশের বোলারদের পরীক্ষা নিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। তৃতীয় সেশনের আগে থিতু হওয়া নিক ওয়েলচ গরম ও ক্র্যাম্পজনিত কারণে স্বেচ্ছায় অবসর নিতেই যেন বদলে যায় দৃশ্যপট। তাইজুল ইসলামের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং অর্ডার। দিন শেষে ৯ উইকেটে ২২৭ রান করেছে জিম্বাবুয়ে। ৫ উইকেটের সঙ্গে একটি রান আউট করেছেন তাইজুল।
বাংলাদেশের জয় ও কঠিন পরিস্থিতিতে তাইজুল বিভিন্ন সময় খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন বল হাতে। টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সাকিব আল হাসানের ২৪৬ উইকেট, তাইজুলের শিকার ২২৪। তারপরও তাইজুল সেভাবে আলোচনায় থাকেন না। আজ ৫ উইকেট নেওয়ার পরই তাইজুলকে ‘আন্ডাররেটেড’ উল্লেখ করে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিমের ফেসবুক পোস্ট প্রসঙ্গও আসে। নিজেকে ‘আন্ডাররেটেড’ হিসেবে তাইজুলও তামিমের সঙ্গে একমত জানিয়েছেন। এ বাঁহাতি স্পিনার বলেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে বলেন, ‘কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’
সিলেট টেস্টে প্রথম ইনিংসে উইকেটশূন্য, দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে পেয়েছিলেন তাইজুল। সেভাবে সুবিধা করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে বেশ। তাইজুল বললেন, ‘‘আলহামদুলিল্লাহ, এতগুলো টেস্ট খেলে যত উইকেট হয়েছে, যারা একটা টেস্ট দেখে ক্রিটিসিজম করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’
২ উইকেটে ১৬২ রান নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে নিক ওয়েলচ-শন উইলিয়ামস গড়েছিলেন ৯০ রানের অসাধারণ এক জুটি। ওয়েলচ স্বেচ্ছায় অবসরে গেলে শুরু হয় তাইজুল ইসলামের ভেলকি। চা বিরতি থেকে ফিরে টপাটপ উইকেট তুলতে থাকেন এ বাঁহাতি ব্যাটার। তৃতীয় সেশনে ৬৭ রানে হারিয়েছে তারা ৭ উইকেট। এর মধ্যে ৪টি একাই তাইজুলের শিকার। সঙ্গে মেহেদী হাসান মিরাজের সহায়তায় করেছেন একটি রান আউট।
দলের জন্য অবদান রেখে তৃপ্ত তাইজুল, ‘না, অবশ্যই তৃপ্তির একটা বিষয়। কারণ একজন ক্রিকেটার যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে আমি যেভাবে বোলিং করেছি, এটা একজন খেলোয়াড়ের জন্য ভালো জিনিস না, এতগুলো টেস্ট খেলার পর এ রকম বোলিং। তারপর আবার কামব্যাক করেছি, এটা আসলে ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো দলের জন্য আমি অবদান রাখছি।’
অসাধারণ বোলিংয়ের জন্য তাইজুলকে অভিনন্দন জানিয়ে তামিম ফেসবুক পোস্টে লেখেন, ‘বর্তমানে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। অন্যান্য বর্তমান বোলারদের পরিসংখ্যান দেখলে আমার মতামতটা বুঝতে পারবেন। আরেকটি ৫ উইকেট নেওয়ার জন্য তোমাকে অভিনন্দন, তাইজুল!’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে