
পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু কলম্বো থেকে গুয়াহাটি—ভেন্যু বদলাতেই গেল বাংলাদেশের ছন্দপতন। গুয়াহাটিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড দুই দলের কাছেই হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে গতকাল নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে ১০০ রানে।
গুয়াহাটিতে গতকাল টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছে নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্যে নেমে ১৪ ওভারে ৬ উইকেটে ৩৩ রানে পরিণত হয় বাংলাদেশ। কার্যত এখানেই তো শেষ জ্যোতির দল। তার চেয়েও বড় কথা বাংলাদেশ ম্যাচে প্রথম বাউন্ডারি পেয়েছে ১৫তম ওভারে। সেই ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের লেগস্পিনার আমেলিয়া কারকে চার মারেন নাহিদা আক্তার। নাহিদা যে চার মেরেছেন, সেটাও এসেছে আউটসাইড এজে। পাওয়ার প্লেতে (প্রথম ১০ ওভার) যেখানে রানের বন্যা বইয়ে দেওয়ার কথা, সেখানে ডটের পর ডট দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
৩৩ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের ১০০ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তারা ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে গেছে। নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন রাবেয়া খান। বাজে হারের ব্যাখ্যায় বাংলাদেশের লেগস্পিনার বলেন, ‘গত ২ ম্যাচে আমরা হেরেছি। ব্যাটিং ধসটাই আমাদের বেশি ভোগাচ্ছে। বোলিং, ফিল্ডিং দারুণ হচ্ছে। এটা ধরে রাখতে হবে। শুরুতে বেশি উইকেট হারিয়ে ফেলেছি।’
টস জিতে গতকাল আগে ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ড ১১ ওভারে ৩ উইকেটে ৩৮ রানে পরিণত হয়। এমন অবস্থায় চতুর্থ উইকেটে সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে ১৬৬ বলে ১১২ রানের জুটি গড়েন। ডিভাইন (৬৩), হ্যালিডে (৬৯)—দুজনের ব্যাট থেকেই এসেছে ফিফটি। শেষ ১০ ওভারে ৫ উইকেট হারালেও নিউজিল্যান্ড যোগ করেছে ৭৪ রান। এদিকে ৩৩ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের বড় হার ঠেকানোটাই হয়ে যায় বড় চ্যালেঞ্জ। ফাহিমা খাতুন (৩৪), নাহিদা আক্তার (১৭) ও রাবেয়া খান (২৫) দুই অঙ্ক পেরিয়েছেন বলেই বাংলাদেশ ১০০ পেরোতে পেরেছে। যেখানে রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার—প্রথম সারির পাঁচ ব্যাটারের প্রত্যেকে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
রাবেয়ার মতে স্বীকৃত ব্যাটাররা ভালো ব্যাটিং না করলে ম্যাচ জেতা সম্ভব না। বাংলাদেশের এই তারকা লেগস্পিনার বলেন, ‘এটা আসলে ব্যাটারদেরই জিজ্ঞেস করা উচিত। লোয়ার অর্ডার থেকে যত ভালো স্কোরই আসুক, ওপর থেকে রান না এলে ভালো করা কঠিন। উইকেট একই ছিল। আমরা খেলতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা।’
ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছিল। সেদিন টস হেরে আগে ব্যাটিং পেয়ে জ্যোতির দল ৪৯.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে গিয়েছিল। ফাহিমা খাতুন, মারুফা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডের জিততে ২৭৭ বল লেগেছে। গুয়াহাটিতে গতকাল বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে এবারের নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে নিউজিল্যান্ড। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে পাঁচ ও ছয়ে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। নিউজিল্যান্ড ও বাংলাদেশের নেট রানরেট -০.২৪৫ ও -০.৩৫৭।
আরও পড়ুন:

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে