
‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব আল হাসানের দীর্ঘ ৬৬ মিনিটের আলাপচারিতায় অনেক কিছু নিয়েই কথাবার্তা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমের পরিবেশও ছিল সেই আলোচনায়। সেই পডকাস্টে সাকিব দেশের ক্রিকেটের ড্রেসিংরুম নিয়ে যা বলেছেন, সেটা সঠিক মনে করছেন তানজিদ হাসান তামিম।
জুনিয়র ক্রিকেটাররা একেবারে কথা বলেন না, যা বলার সিনিয়র ক্রিকেটাররাই বলবেন—বাংলাদেশ দলের ড্রেসিংরুম নিয়ে পডকাস্টে সাকিবের কথাটা ছিল এরকমই। কিন্তু দলীয় সভায় সবার যখন সমান অংশগ্রহণ থাকবে, সেটা দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল। ভুল-ভ্রান্তি শুধরে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তাতে বাড়বে। ড্রেসিংরুমে সিনিয়র, জুনিয়র সব ক্রিকেটাররাই যেন কথাবার্তা বলতে পারেন, সেরকম সংস্কৃতি এখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তৈরি করছে বলে আজ বিকেলে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তানজিদ হাসান তামিম। ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আসলে ভাই (সাকিব) একদম ঠিক বলেছেন। এখন আমাদের প্রধান কোচ, সালাহ উদ্দীন স্যার ও টিম ম্যানেজমেন্টে যাঁরা কোচ আছেন, চেষ্টা করছেন সংস্কৃতিটা যেন বদলাতে পারি। যখন দলীয় বৈঠক হয়, সব কোচরা আলোচনা করেন, যাতে সবাই (ক্রিকেটাররা) কিছু না কিছু মতামত দেয়। যেকোনো ম্যাচের আগে কিংবা দলীয় বৈঠকে এখানে আসলে সবাইকে কথা বলতে হয়। ব্যাটার, বোলার বলেন সবাইকেই কিছু না কিছু।’
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তানজিদ তামিমের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে এই তিন ক্রিকেটারই ছিলেন। সিনিয়রদের সঙ্গে ড্রেসিংরুমে থাকার সময় যেমন পরিবেশ ছিল, সেই তুলনায় অনেক কিছু পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন তানজিদ তামিম। আজকের পত্রিকাকে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘যেকোনো কিছুই হোক, এক দুই লাইন হলেও টিম মিটিংয়ে আপনাকে বলতে হবে। আসলে আমার কাছে মনে হয় যে সবার ভেতর থেকে একটা দুইটা বিষয় যে আসে, অনেক সময় দলের কাজে লাগে। অথবা আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক ছোট কথা হলেও সেখানে অনেক বড় কিছু থাকতে পারে। তো আমার কাছে মনে হয়, এটা ধীরে ধীরে বদলাচ্ছে। সবাই আসলে কথা বলার অভ্যাসটা গড়ে তুলেছে। আমার কাছে মনে হয় সংস্কৃতিটা পরিবর্তন হচ্ছে।’
২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু। আড়াই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫ টি-টোয়েন্টি ও ২৮ ওয়ানডে খেলেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে এখনো অভিষেক না হলেও আশা হারাচ্ছেন না তানজিদ তামিম। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘যদি এখনো সাদা বলে খেলা বেশি, সাদা বলেই মূলত মনোযোগ থাকছে। আমি যখনই সুযোগ পাই, জাতীয় লিগ খেলি। লাল বলের ক্রিকেট খেলতে আমার ভালো লাগে। যদি কখনো সুযোগ আসে, অবশ্যই লাল বলের ক্রিকেটও খেলতে চাই। তার জন্য আমাকে বেশি পরিশ্রম এবং আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কঠোর পরিশ্রম করে যাব। যদি আল্লাহ চান এবং আমি লাল বলে রান করতে থাকি, তাহলে ইনশা আল্লাহ অবশ্যই খেলব টেস্ট।’
বাংলাদেশের জার্সিতে ৭৩ ম্যাচের ক্যারিয়ারে মজার এক রেকর্ড তানজিদ তামিম গড়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ২ ডিসেম্বর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাঁচ ক্যাচ ধরেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ নেওয়ার রেকর্ডে যৌথভাবে শীর্ষে তিনি। টেস্টে এখনো অভিষেক না হলেও ঘরোয়া লাল বলের ক্রিকেটে নিয়মিত খেলছেন তানজিদ তামিম। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৪৫ ইনিংসে করেছেন ১৭৯২ রান। ৫ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে