
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের দিকে পাখির চোখ করে থাকেন অনেকেই। বিশ্বের অনেক ধনকুবেরদেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-ওয়েস্ট ইন্ডিজ অলিখিত কোয়ার্টার ফাইনাল শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন মনোজ তিওয়ারি আইপিএলের প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁর মতে উইন্ডিজকে হারাতে না পারলে ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে ডাক পাবেন না।
কলকাতার ইডেন গার্ডেনসে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। স্নায়ুচাপ সামলে যে জিতবে, সেই দল পাবে সেমিফাইনালের টিকিট। অলিখিত কোয়ার্টার ফাইনালের আগে মনোজ তিওয়ারি মজা করেই আইপিএলের কথা উল্লেখ করেছেন। আইপিএলে যেমন রানের বন্যা বয়ে যায়, তেমন ক্রিকেটই আজ ভারতকে খেলতে হবে বলে মনে করেন তিওয়ারি। আইপিএলজয়ী ভারতের এই ক্রিকেটার ক্রিকবাজে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারত তাদের শেষ ম্যাচে ২৫৬ রান করেছে, তাই সেই অবস্থান থেকে তাদের এগিয়ে যাওয়া উচিত। কোনো চাপ নেই। ২০০-এর বেশি রান করে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারানোর প্রত্যাশা থাকবে। যদি তারা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারে, তাহলে তাদের কারও সঙ্গেই আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি চুক্তি করবে না।’
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্রুত ৩ উইকেট হারালেও আন্দ্রে রাসেল ও লেন্ডল সিমন্সের ঝোড়ো ব্যাটিংয়ে ফাইনালের টিকিট কেটেছিল উইন্ডিজ। সেবার ক্যারিবীয়রা চ্যাম্পিয়নও হয়েছিল। সেবারের অধিনায়ক ড্যারেন স্যামি এবার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। এবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে বলে আশা করছেন স্যামি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইন্ডিজ কোচ বলেন, ‘কথায় আছে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটা। ভেন্যু আলাদা হলেও আমাদের লক্ষ্য এক। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আপনাকে কোনো না কোনো পর্যায়ে ভারতের বাধা টপকাতেই হবে। আমাদের জন্য সেই দিনটি হলো রোববার।’
সুপার এইটে গ্রুপে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। ভারত-উইন্ডিজ প্রত্যেকেই হারিয়েছে গ্রুপের অপর দল জিম্বাবুয়েকে। ফলে পয়েন্টের হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হওয়ার সুযোগ আছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দলের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত কোয়ার্টার ফাইনালে। ইডেন গার্ডেনসের গ্যালারিতে আজ ৮০ হাজার দর্শক তো থাকবেনই। সঙ্গে থাকবে ১৪০ কোটি ভারতীয়র সমর্থন। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের সেই চাপে ফেলা সম্ভব বলে মনে করেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘এটি অবশ্যই ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ের মতো মনে হবে। কিন্তু ২০১৬ সালে গোলিয়াথকে হারিয়েছিল ডেভিডই। শিষ্যদের আমি এই মন্ত্রই দেব।’
বিশ্বকাপের গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার এইটে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করলেও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় ক্যারিবীয়রা। অপরদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার এইটে পা রাখে। তবে সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে হোঁচট খায় স্বাগতিকেরা।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৭ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
৯ ঘণ্টা আগে