
শুধু এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। বুধবার বিকেলে রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়াকে আধুনিকায়ন করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আপনি এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠুন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী যেন সুবিধা না পেয়ে এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।’
কর্নেল অলি বলেন, ‘মানবিক করিডরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরাং হতে পারে। সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।’
বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে অলি বলেন, ‘আজকে রাস্তাঘাটে হাঙ্গামা চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বিকেলে জনগণ ঘরে ফিরতে পারবে কি না, তার নিশ্চয়তা নেই। যেটা প্রয়োজন। যে যেটা চায়, সেটাই নিয়ে হরতাল করতেছে। কেউ মেয়র হতে চায়, আবার কেউ মেয়র হতে বের হতে চায়। কেউ চাকরি চায়, কেউ চুরির জন্য চাকরি হারাচ্ছে। সব মিলিয়ে ১৮ কোটি মানুষের জীবন দুর্বিষহ করেছে। এ ধরনের কোনো কাজে এলডিপি লিপ্ত হবে না। কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো বক্তব্য আমরা এখানে রাখব না।’
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন অলি আহমদ। তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতের পছন্দের সরকার দরকার ছিল। প্রথম তাদের (ভারত) পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল। আমি আগেও বলেছি।’
কর্নেল অলি বলেন, ‘আমি আবারও বলি, সাজেদা চৌধুরীকে নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল। আখাউড়া বর্ডারে ধরা পড়ে। তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে (হাসিনা) আসার ১৭-১৮ দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।’
কর্নেল অলি বলেন, ‘এলডিপির পক্ষ থেকে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারকে কয়েকটি পরামর্শ দিয়েছিলাম। তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং হাসিনার অনুগত যারা বাহিনীতে আছে, তাদের চাকরিচ্যুত করা। অনেক দিন লাগল। ৯ মাস লাগল এই সরকারকে বুঝতে এবং ছাত্রদের বুঝতে। আমরা যেটা আগস্টে বলেছিলাম, তারা সেটা ৯ মাস পরে আশা করল। আওয়ামী লীগকে শুরুতেই নিষিদ্ধ করলে দেশে বিশৃঙ্খলা কেউ করতে পারত না। বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসেবে দাঁড়াতে পারবে না।’
অলি আহমদ বলেন, ‘বর্তমানে আমরা এমন অবস্থায় এসে গেছি, যেখানে হারাম-হালালের কোনো পার্থক্য নাই। মানুষ এবং জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। মনুষ্যত্ব তো লোপ হয়ে গেছে। যেখানে পয়সা পাই সেখানে, দৌড় দিই। দেশের কথা চিন্তা করি না। তবে এলডিপির পক্ষ থেকে আমাদের চিন্তাধারা ভিন্ন। কারণ, আমরা মুক্তিযুদ্ধ করেছি।’
সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৬ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৮ ঘণ্টা আগে