Ajker Patrika

স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে জীবন দিতে হয়েছে: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৯: ৪৩
স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে জীবন দিতে হয়েছে: নাহিদ ইসলাম
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই সামনে যাতে আর এমন না হয়।’

আজ বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি।

এদিন সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিরোধীদলীয় নেতাদের সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম।

মহান স্বাধীনতা দিবস নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতার সপক্ষে যাঁরা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন, তাঁদের আজকের এই দিবসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চান বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এ মুহূর্তে কাজ করছি।’

এ দিন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

এ সময় দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘এনসিপি একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে সংস্কারকৃত সংবিধানের প্রত্যাশা সব রাজনৈতিক দল প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জাতির কাছে তারা ওয়াদা করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বর্তমানে বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জুলাই আন্দোলনের চেতনার সঙ্গেও প্রতারণা। দেশের মানুষ কোনোভাবেই এই প্রতারণা মেনে নেবে না।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান জুলাইকে নাই করে দেওয়া হচ্ছে। গতকাল যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানেও চব্বিশের কথা নাই। আজকেও কোথাও চব্বিশের কথা নাই।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন বলেন, সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তা মাঠে বাস্তবায়িত হবে। রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, ‘সরকার যদি কৌশল নিয়ে থাকে যে আওয়ামী লীগ ও অন্যদের মাঠে নামিয়ে দিয়ে গৃহযুদ্ধ করার, আমরা সরকারের ফাঁদে পা দেব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

৯ নতুন সচিব, ৫ সচিব প্রত্যাহার, ৩ সচিবের দপ্তর বদল

উত্তরায় শরীর থেকে মন আলাদা করা ‘কেটামিন’ তৈরি করতেন ৩ চীনা নাগরিক, যেত শ্রীলঙ্কায়

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত