
চব্বিশের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে তুলতে একমত হয়েছে বিশেষ সংসদীয় কমিটি। গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠাবিষয়ক অধ্যাদেশও হুবহু সংসদে পাঠানো হবে।
সংশ্লিষ্ট সংসদীয় কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের পর আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সংসদে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে কমিটির সদস্যরা জানিয়েছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রথম দিনের বৈঠকে ৪০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা করা হয়েছে। কমিটির পরবর্তী বৈঠকে অন্য অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়। দ্বিতীয় বৈঠক আজ বুধবার বেলা ২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
গতকালের বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে দায়মুক্তি দেওয়ার যে অধ্যাদেশ রয়েছে, তার সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি পূর্ণ একমত পোষণ করেছে। এই বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ হুবহু সংসদে উত্থাপন করবে।
আইন পাসের পরে সরকার প্রয়োজনে সংশোধন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে গত ২৫ জানুয়ারি অধ্যাদেশ জারি করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের ফলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা নির্ধারিত বিধান অনুসরণ করে প্রত্যাহার করা হবে। এ ছাড়া গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে আইনত নতুন কোনো মামলা, অভিযোগ বা কার্যধারা আনা যাবে না।
বিশেষ কমিটি ইউনূস সরকারের সময়ে জারি করা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটিও সংসদে হুবহু সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ জাদুঘর করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস ও নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন এবং এ নিয়ে গবেষণার লক্ষ্যে এ জাদুঘর প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকার।
কমিটির একজন সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘গণভবনে জুলাই জাদুঘর প্রতিষ্ঠার জন্য জারি করা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু সংসদে সুপারিশের বিষয়ে আমরা একমত হয়েছি।’
সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার লক্ষ্যে জারি করা অধ্যাদেশটি নিয়েও প্রথম বৈঠকে আলোচনা হয়েছে। কমিটিতে থাকা বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের পক্ষ থেকে বয়সসীমা ৩৫ করার প্রস্তাব করা হয়েছিল। তবে সরকারি দলের সদস্যদের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে যেহেতু সব পক্ষই একমত, তাই সংসদে বিল আকারে উত্থাপন করা হলে আলোচনা করে বয়সসীমা বাড়ানো যেতে পারে।
এ বিষয়ে বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, ‘আমাদের আমির এবং বিরোধীদলীয় নেতা শুরু থেকেই বলে আসছেন, আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করব না। দেশের ও জনগণের স্বার্থে যেকোনো বিষয়ে সরকারকে সমর্থন এবং সহযোগিতা করব।’
কমিটির বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ-২০২৬ ও পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ নিয়ে আরও আলোচনা হবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম খান।
সংবিধান এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এ দুটির মধ্যে বৈপরীত্য দেখা দিলে কোনটিকে প্রাধান্য দেওয়া হবে, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। তাঁরা সংবিধান এবং জন-আকাঙ্ক্ষা দুটির সমন্বয় করে এগিয়ে যেতে চান।
এ বিষয়ে জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই চেতনার বাস্তবায়নে সংবিধান সংশোধনের পরিবর্তনের প্রয়োজন হলে আমরা তা করব। এখানে তো কারও দ্বিমত থাকার কথা না।’
কমিটির গতকালের বৈঠকে আরও উপস্থিত ছিলেন সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মুজিবুর রহমান এবং জি এম নজরুল ইসলাম।
বৈঠক শেষে কমিটির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে অর্ধেকের কম অধ্যাদেশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছি। এর মধ্যে কিছু কিছু বিষয়ের ওপর দু-একজন সদস্যের কিছু মতামত আছে। আমরা সেগুলো পরবর্তী সভায় আলোচনা করার জন্য বলেছি। পরবর্তী সভায় সমাপ্ত না হলে লিখিতভাবে বক্তব্য দেওয়ার জন্য বলেছি।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২২ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৭ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে