
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আমাদের শিশুদের সঙ্গে যা ঘটেছে, তার কখনো মাফ হয় না। কিন্তু আমাদের শিশুরা যে সাহস দেখিয়েছে, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
আজ রোববার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের বাংলাদেশ হতে হবে শিশুদের জন্য—পাড়ায় পাড়ায় খেলার মাঠ থাকবে, তাদের নিরাপত্তা নিয়ে আমাদের অভিভাবকদের চিন্তিত হতে হবে না।’
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘তারা যেন অন্যায় অপরাধের প্রতিবাদ করে এবং তাদের ছেলেমেয়েদের অসংগতির বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। আমাদের মনে রাখতে হবে, একটা ভেঙে পড়া সমাজ গঠনে সবার একসঙ্গে কাজ করতে হবে।’
শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের পরিচালক আবদুল্লা আল মামুন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।
বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এবার ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালন করা হচ্ছে শিশু অধিকার সপ্তাহ।
সভাপতি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, ‘আমরা এবারের শিশু অধিকার সপ্তাহ জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী শিশুদের উৎসর্গ করেছি। আমাদের মন্ত্রণালয় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করে শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করবে।’
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বলেন, ‘আপনারা জানেন, আমাদের শিশু একাডেমি দুর্বৃত্তদের দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নতুন করে শুরু করতে পেরে আনন্দিত। আগামীতেও বাংলাদেশে শিশুদের বিকাশে ভূমিকা রাখবে বাংলাদেশ শিশু একাডেমি।’
সেভ দ্য চিলড্রেনের পরিচালক আবদুল্লা আল মামুন বলেন, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশুবিষয়ক অধিদপ্তর গঠন করা না হলে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু অধিকার রক্ষা কঠিন হয়ে যাবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে শিশুদের জন্য একটি মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা করার সুপারিশ করেন তিনি।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপনে বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগী হিসেবে থাকছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো।
আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংস্থার মধ্যে রয়েছে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, এডুকো বাংলাদেশ, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, ব্র্যাক আইইডি, সিআইপিআরবি, সিসেমি ওয়ার্কশপ, শাপলা নীড়, সিনারগস বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, পথশিশু পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন শিশু সংগঠন ও সংস্থা।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪০ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে