
ছয় মাস পরও পুনর্গঠন না হওয়ায় চরম সংকটে পড়েছে তথ্য কমিশন। প্রধান তথ্য কমিশনার, দুই কমিশনার ও সচিব নিয়োগ না হওয়ায় দৈনন্দিন কাজ চালানোর জন্যও অর্থ খরচ করতে পারছে না কমিশন। নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৩০০ অভিযোগ।
তথ্য কমিশন কবে নাগাদ গঠন করা হবে, সে বিষয়েও কোনো আভাস নেই। কারণ, কমিশনের শীর্ষ তিন পদে নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে এখনো বাছাই কমিটি করেনি অন্তর্বর্তী সরকার।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢিলেঢালাভাবে চলছিল তথ্য কমিশনের কার্যক্রম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত সরকারের আমলে বিভিন্ন কমিশন ও সংস্থায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে পদত্যাগ- অপসারণ শুরু হয়। ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। চলতি বছরের ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করা হয়। ৩ সেপ্টেম্বর তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। ফলে তথ্য কমিশনের শীর্ষ পদগুলো শূন্য।
সূত্র জানায়, তথ্য কমিশনের ৭৪টি পদের বিপরীতে একজন পরিচালক ও একজন একান্ত সচিব প্রেষণে এবং ২৭ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী এবং ২০ জন আউটসোর্সিংসহ মোট ৪৯ জনবল আছে। কমিশন গঠন না হওয়ায় বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের কাজ হচ্ছে প্রতিদিন অফিসে আসা। নিষ্পত্তির অপেক্ষায় থাকা অভিযোগগুলো তাঁরা শুনানির জন্য প্রস্তুত করে রেখেছেন।
সরকারি কোনো দপ্তরের তথ্য কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চেয়ে না পেলে ওই দপ্তরের শীর্ষ কর্মকর্তার কাছে তথ্য চেয়ে আপিল আবেদন করা যায়।
আপিল করার পরও তথ্য না দিলে তথ্য কমিশনে অভিযোগ করা যায়। অভিযোগ পেলে তথ্য কমিশন উভয় পক্ষকে ডেকে শুনানি করে রায় দেয়।
তথ্য কমিশনের একজন কর্মকর্তা বলেন, কমিশন না থাকায় কোনো অভিযোগের শুনানি হচ্ছে না। কমিশনে বর্তমানে তিন শতাধিক অভিযোগ জমা হয়ে আছে। এর সঙ্গে প্রতিদিন নতুন অভিযোগ জমা হচ্ছে। তিনি বলেন, তথ্য কমিশনের পরিচালকের আর্থিক ক্ষমতা না থাকায় কমিশনের অর্থসংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ রয়েছে। এক টাকা খরচ করারও উপায় নেই। কমিশনের কর্মকর্তারা দুটি গাড়ি ব্যবহার করতেন। টাকার জোগান না থাকায় একটি গাড়ি বাদ দিয়ে কর্মকর্তারা নিজেরা চাঁদা দিয়ে একটি গাড়ি ব্যবহার করছেন।
সূত্র বলেছে, তথ্য কমিশনে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুযোগ না থাকায় কমিশন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০ জন চাকরি ছেড়েছেন। কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি শেষে পেনশন পাওয়ারও সুযোগ নেই।
তথ্য অধিকার আইন অনুযায়ী, প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়ে তথ্য কমিশন গঠন করা হয়। তথ্য কমিশনারদের মধ্যে একজন হবেন নারী। প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি করা হয়। কিন্তু এই তিন পদে নিয়োগ দিতে অন্তর্বর্তী সরকার এখনো বাছাই কমিটি করেনি। কমিশনাররা নিয়োগ না হওয়ায় কমিশনও সচল হচ্ছে না।
তথ্য কমিশনের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) হেলাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন না থাকায় আমাদের মূল কাজই হচ্ছে না। জনগণ সেবা পাচ্ছে না। তথ্য কমিশনারদের হাতে আর্থিক বিষয় থাকায় এখন কমিশন কোনো ধরনের খরচ করতে পারছে না। অর্থসংশ্লিষ্ট কাজগুলো আমরা এড়িয়ে চলছি। আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়ে বিষয়গুলো জানিয়েছি।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১৮ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
৩৯ মিনিট আগে
ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
২ ঘণ্টা আগে