ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ শেষে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত ও ৪০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া শরীয়তপুর, রাজশাহী, কিশোরগঞ্জ, বগুড়া, নীলফামারী ও কুষ্টিয়ায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও নারীর সঙ্গে যুবকের টিকটক ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। গত শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বর এবং গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সী, হাসান মুন্সীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত ও ৪০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
গত সোমবার ভোরে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা এলাকায় হাফিজ ভূঁইয়া ও রুবেল কাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে নড়িয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার এবং নারীসহ ১০ জনকে আটক করা হয়।
রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে দুটি বাড়িতে প্রায় সব আসবাব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লুট করা হয়েছে টাকা ও স্বর্ণালংকার। শনিবার রাতে উপজেলার নূরপুর মহল্লায় তিনটি বাড়িতে এ তাণ্ডব চালানো হয়।
তবে ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বাগমারা থানার ওসি সাইদুল আলম।
কিশোরগঞ্জ: জেলার পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণখামা গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েনের কথা জানান পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান।
এ ছাড়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ সংঘর্ষ বাধে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ওসি লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
নীলফামারী: জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বোমা মেশিনে পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ইউপির চেয়ারম্যান, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা ব্যারাজের উজানে নদীর চরখড়িবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত হয়েছেন টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন ও গ্রাম পুলিশ সদস্য জাহিদুল। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে থানার ওসির ব্যবহৃত গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার এলংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আফজাল হোসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এমপির স্বজনদের মধ্যে বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাদিক, আনোয়ার, শিপলুসহ কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেন এ হামলা করা হলো, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এ ছাড়া কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। গত রোববার উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুমারখালী থানার ওসি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। এতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চব্বিশের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে তুলতে একমত হয়েছে বিশেষ সংসদীয় কমিটি। গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠাবিষয়ক অধ্যাদেশও হুবহু সংসদে পাঠানো হবে।
২ ঘণ্টা আগে
তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব নিয়োগ দিতে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয় ন্যস্ত করে মঙ্গলবার (২৪ মার্চ) প্রজ্ঞাপন জারি...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) মহাব্যবস্থাপক এবং জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সার্জেন্ট অ্যাট আর্মস নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) মহাব্যবস্থাপক...
৩ ঘণ্টা আগে
জনপ্রশাসনে রদবদলে নতুন প্রধান প্রকৌশলী পেয়েছে এলজিইডি। অবসরোত্তর ছুটিতে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়াকে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে