
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো চ্যালেঞ্জ ও আশঙ্কা আছে কি না—নির্বাচন কমিশনের কাছে তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে ইইউ প্রতিনিধিদল বিষয়টি জানতে চায়। সাক্ষাৎ শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে দুটি বিষয়ে কৌতূহল ছিল। তাঁরা মূলত আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং নির্বাচন কমিশন কোনো কিছুতে আশঙ্কা করছে কি না জানতে চেয়েছেন।
আখতার আহমেদ বলেন, প্রস্তুতির বিষয়ে জানানো হয়েছে, নির্বাচন কমিশন ইতিমধ্যে ১১৬টি আসনের ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। ৭ ফেব্রুয়ারির মধ্যে সব ব্যালট পৌঁছে দেওয়া সম্ভব হবে। কিছু আসনে আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় শেষ মুহূর্তে ব্যালট পুনর্মুদ্রণ করতে হওয়ায় বিলম্ব হয়েছে।
আখতার আহমেদ জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী, সে বিষয়েও জানতে চান। এ সময় নির্বাচন কমিশন অপতথ্য ও তথ্যের অপপ্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে।
আখতার আহমেদ বলেন, ‘অপপ্রচার মোকাবিলায় মেটার (ফেসবুক কর্তৃপক্ষ) সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চেয়েছিল। আমরা বলেছি, আলোচনা চলছে এবং আমরা আশা করছি মেটা সহযোগিতা করবে। তবে ইন্টারনেটের গতি কমানোর মতো পদক্ষেপের পরিবর্তে বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও আক্রমণাত্মক কনটেন্ট অপসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।’
ইসি সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিল, আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানটা কী? আমরা বলেছি, ডেপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী সাত দিন সেনাবাহিনী, আট দিন আনসার মোতায়েন থাকবে এবং পুলিশ আগেই মাঠে রয়েছে। সেনাবাহিনী ইতিমধ্যে মাঠে আছে, নির্বাচনের জন্য নির্ধারিত বিশেষ দায়িত্ব অনুযায়ী তারা কাজ করবে।’
পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি সচিব জানান, এ পর্যন্ত বিদেশ থেকে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে এবং ১ লাখ ৭ হাজারের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে জমা হয়েছে। দেশের ভেতরে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ২৭ হাজার ৩৬৭টি ব্যালট।
কারাগারে থাকা বন্দীদের ভোট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ৬ হাজার ৯১ জন বন্দী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তাঁদের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রাজনৈতিক দলের প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ থাকবে।
ভোটের মাঠে বিএনসিসি মোতায়েন নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিএনসিসি কাজ করবে। এর বেশি কিছু বলেননি তিনি।
মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট আটকে থাকার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে কিছু ব্যালট পাঠাতে বিলম্ব হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এদিকে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, ‘যেহেতু আমরা নির্বাচনের আগের শেষ সপ্তাহের দিকে এগোচ্ছি, সে কারণে আমরা সব ধরনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছি। আমরা এখানে কোনো পরামর্শ দিতে বা কোনো কিছু সংশোধন করতে আসিনি। আমাদের মূল কাজ হলো, নির্বাচন পর্যবেক্ষণ করা এবং মিশন শেষে আমাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরা। আমরা বাংলাদেশের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা চাই, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে। ইইউ চায় বাংলাদেশে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে আইনশৃঙ্খলা বজায় থাকবে। বিশেষ করে নারী, সংখ্যালঘুসহ সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা তাঁদের অন্যতম অগ্রাধিকার।
নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতি জানিয়ে ইসি সচিব বলেন, ‘এরই মধ্যে আমাদের ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন। পরশু (শনিবার) থেকে আমরা স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদেরও বিভিন্ন জেলায় পাঠাব, যাঁরা সরাসরি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে