নিখোঁজ বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জাতীয় সংসদের শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে যা সংসদে গৃহীত হয়।
শোকপ্রস্তাবে বলা হয়, ‘২০০৭ হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণসহ গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন। গুম, মানবতাবিরোধী অপরাধ তথা ক্রসফায়ারে এবং যাঁরা রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন, তাঁদের মধ্যে সাবেক সংসদ-সদস্য ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমনসহ অনেকে রয়েছেন। এ মহান জাতীয় সংসদ তাঁদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’
ইলিয়াস আলী বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন তিনি। এখন পর্যন্ত তিনি নিহত নাকি বেঁচে আছেন, তা শনাক্ত হয়নি। তবে গত ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তদন্তের ভিত্তিতে জানান, ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছ। সেদিন তিনি গণমাধ্যমকে জানান, ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তা থেকে তাঁকে গুম করা এবং তাঁকে পরবর্তী সময় হত্যা করা হয়েছে বলে তদন্তে জানা গেছে।’
এ ঘটনার ‘কুশীলব’ হিসেবে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয় সেদিন।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী সিলেট-২ আসনের সংসদ সদস্য।
অন্যদিকে, সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর ৩৮ ওয়ার্ড (বর্তমান ২৫) বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ফেসবুক পেজে লেখেন জিয়াউল আহসানের নির্দেশে সাজেদুল ইসলাম সুমনকে ইনজেকশন পুশ করে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।
সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলিকে ঢাকা-১৪ আসন থেকে বিএনপি মনোনয়ন দিয়েছিল। কিন্তু তিনি পরাজিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই উত্তাপ ছড়াল। সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন ও ওয়াকআউট করেন। অবশ্য সংসদের সব গঠনমূলক কাজে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে বিরোধী দল।
১৩ মিনিট আগে
চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলের ভূমিকাকে ‘স্ববিরোধিতা’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘যে রাষ্ট্রপতির সঙ্গে তাঁরা আলাপ-আলোচনা করেছেন ৫ আগস্টের বিকেল বেলা, সিক্সথ অব আগস্ট এবং যে রাষ্ট্রপতির...
২ ঘণ্টা আগে
মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্য আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে