বাংলা ভ্রমণসাহিত্যের সঙ্গে আমাদের বয়সীদের প্রথম পরিচয় পাঠ্যবইয়ে পড়া সরস গল্প ‘রসগোল্লা’ দিয়ে। গল্পের দুটি বিষয় মুগ্ধ করেছিল; প্রথমত, ইমিগ্রেশন অফিসারের বঙ্গীয়করণ—চুঙ্গিওয়ালা। আর ট্রাভেলব্যাগের শরীরে ‘জাতবেজাতের হোটেলের লেবেল’। কচি মনে ভ্রমণের একটা মায়া স্বপ্ন বুনে দিয়েছিল হাসির ছলে। বড় হতে হতে বুঝলাম, গল্পটির লেখক সৈয়দ মুজতবা আলী একজন ভ্রমণপ্রিয় মানুষ। জন্মেছিলেন অখণ্ড বাংলার সিলেটে। তারপর ছড়িয়ে পড়েছেন বিশ্বে, রবীন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে।
৫ নভেম্বর ১৯১৯, ১৯ কার্তিক ১৩২৬ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম পা রাখলেন মুজতবা আলীর জন্মশহরে, সেদিনই গুরু-শিষ্যের দেখা হয়েছিল। আগরতলার মহারাজার ঠিকানায় চিঠি লিখে বসলেন রবীন্দ্রনাথকে, জ্ঞাতব্য বিষয় একটিই—‘আকাঙ্ক্ষা উচ্চ করতে হলে কী করতে হবে?’ আসমানি রঙের খাম ও চিঠির কাগজে উত্তর এল, ‘আকাঙ্ক্ষা উচ্চ করিতে হইবে, এই কথাটার মোটামুটি অর্থ এই স্বার্থই যেন মানুষের কাম্য না হয়। দেশের মঙ্গলের জন্য ও জনসেবার জন্য স্বতঃস্ফূর্ত উদ্যোগ কামনাই মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। তোমার পক্ষে কী করা উচিত তা এত দূর থেকে বলে দেওয়া সম্ভব নয়। তবে তোমার অন্তরের শুভেচ্ছাই তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে।’ পরে স্বয়ং রবীন্দ্রনাথ চিঠি প্রাপকের বাবা সৈয়দ সিকান্দার আলীকে চিঠি লিখে পুত্রকে পড়তে পাঠানোর আহ্বান জানান। ১৯২১ সালের ২১ জুন বীরভূম বোলপুরের শান্তিনিকেতনে পড়তে গেলেন তিনি। ১৯২৭ সালে বিশ্বভারতীর সমাবর্তনে গুরুর পা
ছুঁয়ে সনদ গ্রহণ করেছিলেন।
মুজতবা বলতেন, তাঁর অন্তর্জগৎ রবীন্দ্রনাথের গড়া।
প্রথম ভ্রমণ আফগানিস্তান। রাজা আমানুল্লাহ খানের আমন্ত্রণে। উদার হৃদয়ের রাজাকে প্রিয় ছাত্রের নাম প্রস্তাব করেছিলেন রবীন্দ্রনাথ। লিখেছিলেন একবার মুজতবা—‘নিতান্ত বিপদে না পড়লে আমি আপন গাঁ ছেড়ে যেতে রাজি হইনে। দেশ ভ্রমণ আমার দু চোখের দুশমন।’
‘দেশে-বিদেশে’ বইটিকে বাংলা ভাষার সার্থক ভ্রমণসাহিত্যের মর্যাদা দেওয়া হয়। দুই খণ্ডের এই বইয়ের প্রথম খণ্ড কলকাতা থেকে রেলযোগে কাবুলযাত্রার এক মনোজ্ঞ বিবরণ। যাত্রাপথের বন্ধু নানা সরস, সরল চরিত্র; তাদের কথা লিখেছেন। যেতে যেতে অতিক্রান্ত অঞ্চলের সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, জনমানুষের কৌতুক নথিবদ্ধ করেছেন অনুকরণীয় ভঙ্গিতে। কলকাতার ফিরিঙ্গি সহযাত্রীকে দিয়ে এই বর্ণবহুল অভিযাত্রার শুরু, তারপর পশ্চিম ভারতের ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষেরা উঁকি দিয়েছে তাঁর কলমের ডগায়, পাঞ্জাব আর পেশোয়ারের রাস্তায় শিখ সরদার এবং পাঠানদের কথা লিখেছেন হৃদয় খুলে। দ্বিতীয় খণ্ড রাজা আমানুল্লার প্রগতিশীল শাসন ও প্রতিবিপ্লবে শাসকের পতন—এই দুই বিরাট ইতিহাসের কালানুক্রমিক বিবরণ। ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় বাঙালি পাঠককে গভীরভাবে আপ্লুত করেছিল এ বই।
২. ‘জলে ডাঙ্গায়’ গ্রন্থে বিবৃত ভ্রমণের যাত্রাপথটি এমন, মাদ্রাজ বন্দর থেকে যাত্রা শুরু, কলম্বো বন্দর হয়ে আরব সাগর অতিক্রম করে জিবুতি বন্দরে। তার পরের যাত্রা সুয়েজ বন্দর ঘুরে সুয়েজ খাল পাড়ি দিয়ে সঈদ বন্দরে। তখন তিনি নেমে পড়লেন। সুয়েজ খাল পার হতে প্রায় এক দিন লাগে। ওই ফাঁকে সৈয়দ সাহেব বন্ধুদের নিয়ে কায়রো শহর আর পিরামিড দেখবেন। এখানে একটি বিবরণ পড়ি—‘কাইরোর রান্নার খুশবাইয়ে রাস্তা ম-ম করছে। মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানেই চারটি খেয়ে যাই। অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার চায়ের দোকানের মতো নোংরা।
কে যেন বলছে, “নোংরা” রেস্তোরাঁতেই রান্না হয় ভালো। কালো গাই কি সাদা দুধ দেয় না?’ তা, কী খাবার খেলেন তিনি কায়রোতে? তাঁর কলমেই দেখা যাক—
‘পাশের টেবিলে দেখি একটা লোক তার প্লেটে দুটি শসা নিয়ে খেতে বসেছে। দুটি শসা—তা সে যত তিন ডাবল সাইজই হোক না—কী করে মানুষের সম্পূর্ণ ডিনার হতে পারে, বহু চিন্তা করেও তার সমাধান করতে পারলাম না। দেখি সেই লোকটা শসা চিবুতে আরম্ভ না করে তার মাঝখানে দিলে দুহাতে চাপ। অমনি হরহর করে বেরিয়ে এলো পোলাও জাতীয় কি যেন বস্তু এবং তাতেও আবার কি যেন মেশানো। আমি অবাক। হোটেলওয়ালাকে গিয়ে বললাম, যা আছে কুলকপালে, আমি ওই শসাই খাব।’ বইয়ের উৎসর্গপত্রটি আশ্চর্য সুন্দর ও মর্মস্পর্শী অথচ হাস্যোজ্জ্বল, ‘বাবা ফিরোজ, ভ্রমণ কাহিনী তুমি যেদিন পড়তে শুরু করবে, সেদিন খুব সম্ভব আমি গ্রহে সূর্যে তারায়-তারায় ঘুরে বেড়াচ্ছি। সে বড় মজার ভ্রমণ। তাতে টিকিট লাগে না, ‘‘ভিজার’’ ও দরকার নেই, কিন্তু হায়, সেখান থেকে ভ্রমণ কাহিনী পাঠাবার কোন ব্যবস্থা এখনো হয়নি। ফেরবারও উপায় নেই। তাই এই বেলাই এটা লিখে রাখছি।’
৩. ভ্রমণে আমাদের মন প্রশান্ত হয়। আমরা সবাই কমবেশি ভ্রমণে আনন্দ পাই, দিনানুদিনের গ্লানি পেরিয়ে। কেউ কেউ পারি না। সাধ সত্ত্বেও সাধ্য না থাকায় তখন সৈয়দ মুজতবা আলী অনিবার্য বন্ধুর মতো আমাদের মানস ভ্রমণের সঙ্গী হতে প্ররোচনা দেন এবং সেই ভ্রমণ অনন্ত আনন্দে ভরা, ক্লান্তিহীন। কেননা আমাদের জন্য ইতিহাসবোধ শাণিত করবার পাশাপাশি হাসির ব্যবস্থা ছিল। এই হাসি নির্মল ও সম্প্রসারণশীল।
সৈয়দ মুজতবা আলীর কাছ থেকে সমকালীন ভ্রমণসাহিত্য চিন্তার রসদ নিতে পারলে বাংলা ভাষা উপকৃত হতো, সেই সঙ্গে আমরাও।

সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
৯ মিনিট আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
৫ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৯ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১০ ঘণ্টা আগে