দুবাই এমন এক শহর, যেখানে রেকর্ড গড়া যেন নিত্যদিনের ঘটনা। সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে বিলাসবহুল হোটেল, সবচেয়ে বড় শপিং মল—সবকিছুর সেরা হতে চায় এই শহর। কিন্তু এবার যে রেকর্ড যুক্ত হলো, তা একটু ভিন্ন। কারণ, এর জন্য কোনো পূর্বপরিকল্পনাই ছিল না।
দুবাই মারিনার আকাশে ৩৭৭ মিটার উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা সিয়েল টাওয়ার এখন বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল। অথচ এর নির্মাতারা শুরুতে এমন কোনো রেকর্ড গড়ার কথা ভাবেননি। নকশা বদলেছে, সুবিধা যোগ হয়েছে, আর সেই সঙ্গে ভবনটিও ধীরে ধীরে আকাশের দিকে বাড়তে থেকেছে। এভাবেই অনিচ্ছাকৃতভাবে জন্ম নিয়েছে একটি বিশ্ব রেকর্ড।
প্রকল্প উন্নয়নকারী প্রতিষ্ঠান দ্য ফার্স্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রব বার্নস অকপটে বলেন, ‘আমরা জানতাম, ব্যতিক্রমী কিছু বানাতে চাই। কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বানানোর পরিকল্পনা আমাদের ছিল না।’
সিয়েল টাওয়ারের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর ভিত্তি। পুরো ভবন দাঁড়িয়ে আছে মাত্র ৩ হাজার ৬০০ বর্গমিটার জায়গার ওপর। দুবাইয়ের মতো শহরে জায়গার অভাব নেই, সেখানে এত ছোট জমিতে ৮২ তলার হোটেল গড়ে তোলাটা ছিল প্রকৃত অর্থেই চ্যালেঞ্জ।
সিয়েল টাওয়ারে ঢুকলে দুবাইয়ের চেনা জাঁকজমক চোখে পড়ে না। নেই বিশাল লবি, ঝরনা বা সুবিশাল ফাঁকা জায়গা। বরং প্রবেশপথে রয়েছে হালকা আলো এবং পরিমিত নকশা। যেন ভবনটি শুরু থেকে জানিয়ে দেয় এখানে আড়ম্বর নয়, জায়গার সঠিক ব্যবহারই মুখ্য।
এই হোটেলে রয়েছে ১ হাজার ৪টি কক্ষ। দুবাইয়ের বিশাল রিসোর্ট স্যুটের তুলনায় কক্ষগুলো আকারে কিছুটা ছোট। তবে সেই ঘাটতি পূরণ করে দেয় মেঝে থেকে ছাদ পর্যন্ত কাচের জানালা, যেখান থেকে দেখা যায় দুবাই মারিনা, পাম জুমেইরা। এ ছাড়া আরব উপসাগরের বিস্তৃত নীল জলরাশি তো রয়েছেই।
দুবাইয়ের প্রতিযোগিতামূলক হোটেল বাজারে টিকে থাকা সহজ নয়। বিষয়টি স্বীকার করেই বার্নস বলেন, ‘এটা অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা আতিথেয়তা নিয়ে খুবই আশাবাদী।’ তাঁর মতে, ৩৬০ ডিগ্রি দৃশ্য, আধুনিক সুযোগ-সুবিধা আর অনন্য অবস্থানই সিয়েলকে আলাদা করবে।
এত উঁচু ভবনের সবচেয়ে বড় সমস্যা বাতাস। এই সমস্যা সমাধানে সিয়েল টাওয়ারের মাঝখানে রাখা হয়েছে একটি বিশাল ফাঁকা অংশ, যাকে ইয়াহিয়া জান বলেন, ‘আই অব দ্য নিডল’ বা ‘চোখের সুচ’। এই ফাঁক দিয়ে বাতাস ভবনের ভেতর দিয়ে চলে যেতে পারে, ফলে চাপ কমে যায়।
সিয়েল টাওয়ারের সবচেয়ে আলোচিত অংশ নিঃসন্দেহে ৭৬ তলার ইনফিনিটি স্কাইপুল। আকারে বড় নয়, কিন্তু এমনভাবে নকশা করা হয়েছে, যেন পানির প্রান্ত আকাশে মিলিয়ে যাচ্ছে। এটি স্থাপিত হয়েছে ভবনের সেই ফাঁকা অংশেই, যেখান দিয়ে বাতাস চলাচল করে।
ওপরের তলাগুলোতে ছড়িয়ে রয়েছে আটটি রেস্তোরাঁ। এর মধ্যে যুক্তরাজ্যভিত্তিক টাট্টু ব্র্যান্ডের রেস্তোরাঁগুলো ভবনের সবচেয়ে উঁচু অংশে, যেখানে সাজসজ্জার চেয়ে দৃশ্যই প্রধান আকর্ষণ।
সূত্র: সিএনএন

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে