
রমজান মাসে রান্নাঘরের অতি পরিচিত একটি উপকরণ ছোলার ডাল। এটি দিয়ে ঘরেই তৈরি করা যায় বেসন। তবে এর ব্যবহার শুধু খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। রূপচর্চায় ছোলার ডালের গুঁড়া বা বেসনের ব্যবহার বেশ প্রাচীন। প্রোটিন, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ডাল আপনার ত্বক সতেজ, দাগহীন ও উজ্জ্বল করতে ম্যাজিকের মতো কাজ করে। আমাদের ত্বকের টানটান ভাব ও ইলাস্টিসিটি বজায় রাখে কোলাজেন ও ইলাস্টিন নামের দুটি প্রোটিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে এই প্রোটিনগুলোর উৎপাদন কমে যায়। এ কারণে ত্বকে বলিরেখা দেখা দেয়। ছোলার ডালে রয়েছে প্রচুর উদ্ভিদজাত প্রোটিন, যা ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। সামনে আসছে ঈদ। এর রূপচর্চায় ব্যবহার করতে পারেন ছোলার ডাল।
বলিরেখা দূর করতে অ্যান্টি-এজিং মাস্ক
ত্বক বলিরেখা থেকে বাঁচাতে এবং ত্বকের মসৃণতা বজায় রাখতে এই প্যাক অতুলনীয়। এর জন্য আধা টেবিল চামচ ছোলার ডালের বেসন, আধা টেবিল চামচ ওটসের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া ও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই পেস্ট মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করলে ত্বকের ইলাস্টিসিটি বাড়বে।
ব্রণ ও মেছতা দূর করতে প্যাক
ব্রণ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ত্বকে প্রদাহ বা ইনফ্লামেশন এবং অতিরিক্ত তেলের নিঃসরণ। ছোলার ডালে থাকা ম্যাগনেশিয়াম ও জিংক ত্বকের এই প্রদাহ কমিয়ে ব্রণ সারাতে সাহায্য করে। এ ছাড়া এটি স্ট্রেস হরমোন বা কর্টিসল নিয়ন্ত্রণ করে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ কমায়। এই প্যাক বানাতে এক টেবিল চামচ বেসন ও সামান্য হলুদগুঁড়া কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ ১৫ মিনিট ত্বকে মেখে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ব্রণের লালচে ভাব কমবে এবং ত্বক দাগহীন ও পরিষ্কার হবে।
উজ্জ্বল ত্বক পেতে প্যাক
ছোলার ডালে রয়েছে ভিটামিন-ই ও পলিফেনলের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ত্বকের ফ্রি-র্যাডিক্যালস ধ্বংস করে কালচে ছোপ দূর করে। এর জন্য ১ টেবিল চামচ বেসন, ১০ ফোঁটা আমন্ড অয়েল, আধা চা-চামচ লেবুর রস এবং পরিমাণমতো গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। লেবুর রসের ভিটামিন সি এবং বেসনের মিশ্রণ ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। তা ছাড়া এটি রোদে পোড়া ভাব দূর করে ত্বকে একধরনের প্রাকৃতিক আভা নিয়ে আসবে।
রূপচর্চায় ছোলার ডালের বেসন কেন বেছে নেবেন
বাজারের রাসায়নিকযুক্ত দামি কসমেটিকস সাময়িক উজ্জ্বলতা দিলেও দীর্ঘ মেয়াদে ত্বকের ক্ষতি করতে পারে। এর বিপরীতে ছোলার ডালের বেসন সম্পূর্ণ প্রাকৃতিক এবং নিরাপদ একটি উপাদান। এটি শুধু প্যাক হিসেবেই নয়, বরং প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেও দারুণ কার্যকর। এটি ত্বকের গভীরে জমে থাকা ধুলোবালি, অতিরিক্ত তেল এবং মৃত কোষ পরিষ্কার করে ত্বককে নিশ্বাস নিতে সাহায্য করে। এর বড় সুবিধা হলো, আপনি চাইলেই ঘরে থাকা শুকনো ছোলার ডাল ব্লেন্ডারে গুঁড়া করে একদম খাঁটি ও সাশ্রয়ী বেসন তৈরি করে নিতে পারেন।
সতর্কতা
ঘরোয়া প্যাক ব্যবহারের আগে এর সামান্য অংশ কানের নিচে বা হাতে লাগিয়ে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন। এতে বুঝতে পারবেন, সেই প্যাকে আপনার অ্যালার্জি আছে কি না। যাঁদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাঁরা জ্বালাপোড়া এড়াতে লেবুর রস বাদ দিয়ে শুধু গোলাপজল বা মধু ব্যবহার করুন। প্যাক ধোয়ার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না। তাতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হতে পারে। মনে রাখবেন, প্রাকৃতিক রূপচর্চার সঠিক ফল পেতে ধৈর্য ধরে নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন।
সূত্র: হেলথ লাইন ও ভোগ ইন্ডিয়া
ছবি: ফ্রিপিক

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে