
মেষ
আজ আপনার তেজ থাকবে ১০০ ডিগ্রি সেলসিয়াসে। সকালে ভাববেন পুরো পৃথিবীটা একাই জয় করবেন, আর দুপুরে ভাববেন বিছানা থেকে ল্যাপটপটা টেনে আনাও এক বিশাল যুদ্ধ। আপনার জেদের সামনে হিমালয় পর্বতও হয়তো মাথা নত করতে পারে, কিন্তু পাড়ার রিকশাওয়ালা পাঁচ টাকা ভাড়া কমাবে না। পুরোনো পাওনাদারকে এড়িয়ে চলুন, নাহলে আপনার ‘তেজ’ মানিব্যাগ অবধি পৌঁছাতে পারবে না।
বৃষ
আজ গ্রহের প্রভাবে আপনার জঠরাগ্নি বা খিদে একটু বেশিই থাকবে। ডায়েট করার পরিকল্পনা আজ শুধু ফেসবুক স্ট্যাটাসেই সীমাবদ্ধ থাকবে। অফিসে বসের কড়া বকুনির চেয়ে বিকেলের শিঙাড়ার সাইজ কেন ছোট হলো—তা নিয়ে আপনি বেশি বিষণ্ন থাকবেন। প্রেমিকা যদি আজ জিজ্ঞেস করে, ‘আমি না কাচ্চা বিরিয়ানি—কে বেশি প্রিয়?’ তবে ভুলেও সত্য বলে বিপদে পড়বেন না। মৌনতাই আজ আপনার শ্রেষ্ঠ ঢাল।
মিথুন
আজ আপনার মুখে খই ফুটবে। আপনার কথা শুনতে শুনতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আপনি থামবেন না। এমনকি অপরিচিত মানুষও আপনার কাছ থেকে বিড়ালের জীবনতত্ত্ব বা এলিয়েনদের প্রেমের গল্প শুনে বাড়ি ফিরবে। অফিসের মিটিংয়ে বেশি বকবক করলে বসের ‘জ্বালামুখ’ আজ আপনার দিকেই ঘুরবে। কথা বলার আগে বসের মুড মেপে নিন।
কর্কট
আজ আপনার মনটা কাচের মতো ভঙ্গুর। ইউটিউবে বিড়ালের কান্নার ভিডিও দেখেও আপনি ডুকরে কেঁদে উঠতে পারেন। পুরোনো ডায়েরি বা স্কুলের বন্ধুদের ছবি দেখে আজ একা একা দীর্ঘশ্বাস ফেলবেন। আজ সোশ্যাল মিডিয়ায় ‘ইমোশনাল’ বা ‘ব্রোকেন হার্ট’ পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন। লোকজন সমবেদনা নয়, শুধু ‘হা হা’ রিঅ্যাক্টই দেবে।
সিংহ
আজ নিজেকে বনের রাজা মনে হতে পারে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের স্টাইল দেখে নিজেই মুগ্ধ হবেন এবং ভাববেন পৃথিবীতে আপনার মতো স্মার্ট আর কেউ নেই। কিন্তু সমস্যা হলো, রাজার হালে চলতে গিয়ে পকেটের অবস্থা প্রজার চেয়েও খারাপ হতে পারে। অনলাইন শপিং অ্যাপগুলো আজ ফোন থেকে ডিলিট করে দিন। নাহলে মাসের বাকি দিনগুলো লবণ-ভাত খেয়ে কাটাতে হবে।
কন্যা
আজ আপনার ভেতরকার ‘শার্লক হোমস’ জেগে উঠবে। অন্যের ভুল ধরা আর ঘর পরিষ্কার করা ছাড়া আজ আপনার আর কোনো মহৎ কাজ নেই। নিজের বালিশের কভার কেন ১ ইঞ্চি বাঁকা হয়ে আছে—তা নিয়ে আপনি গভীর ডিপ্রেশনে চলে যেতে পারেন। মনে রাখবেন, পৃথিবীটা নিখুঁত নয় বরং একটু ত্যাড়া—এটা মেনে নিলেই আজ রাতে ভালো ঘুম হবে। অন্যের খুঁত ধরা বন্ধ করুন।
তুলা
আজ আপনি চাইবেন দুনিয়ার সবাইকে খুশি করতে। সকালে আব্বাকে খুশি করতে গিয়ে আম্মাকে চটিয়ে দেবেন, আর বিকেলে প্রেমিকাকে খুশি করতে গিয়ে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে মারামারি বাঁধিয়ে ফেলবেন। দিন শেষে আপনার অবস্থা হবে ‘না ঘর কা না ঘাট কা’। আজ কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। মোমো খাবেন নাকি শিঙারা—তা ঠিক করতে করতেই হয়তো দোকান বন্ধ হয়ে যেতে পারে।
বৃশ্চিক
আজ আপনার চোখ থাকবে ইগলের মতো তীক্ষ্ণ। কে কেন আপনার দিকে তাকিয়ে হাসল বা আপনার পেছনে কে কী বিড়বিড় করল—তা নিয়ে আপনি পিএইচডি লেভেলের গবেষণা চালাবেন। আজ আপনার হাতে কোনো জাদুর কাঠি নেই, তাই গায়ে পড়ে কারও সঙ্গে ঝগড়া করতে যাবেন না। কোনো গোপন শত্রু আজ আপনার চায়ে চিনি একটু বেশি দিয়ে দিতে পারে। মিষ্টি থেকে দূরে থাকুন!
ধনু
আপনার মন বলবে পাহাড়ে গিয়ে তাঁবু খাটিয়ে থাকি, কিন্তু শরীর বলবে এসি চালিয়ে কম্বলের নিচেই আসল স্বর্গ। আজ ট্রাভেল গ্রুপে গিয়ে ঘুরতে যাওয়ার লম্বা প্ল্যান করবেন কিন্তু শেষমেশ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েই তৃপ্তির নিশ্বাস ফেলবেন। আজ লটারির টিকিট কাটার কথা ভাববেন না। নক্ষত্ররা আজ আপনাকে কলার খোসায় পা পিছলে ফেলার এক নিখুঁত পরিকল্পনা করছে।
মকর
আজ আপনার ওপর অফিসের বা বাড়ির কাজের পাহাড় ধসে পড়তে পারে। সবাই ভাববে আপনি একটা উন্নত মানের রোবট, আর মনে মনে ভাববেন সব ছেড়ে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যাবেন। আজ কারও কাছে টাকা ধার চাইবেন না। টাকা তো পাবেনই না, উল্টো ঘণ্টার পর ঘণ্টা ‘মিতব্যয়িতা’র ওপর ফ্রিতে উপদেশ শুনতে হবে।
কুম্ভ
আপনার ভাবনা আজ মঙ্গল গ্রহে ঘুরবে আর শরীর থাকবে জ্যামে পড়া লোকাল বাসে। আজ এমন সব উদ্ভাবনী আইডিয়া বের করবেন যা শুনলে স্বয়ং ইলন মাস্কও টেনশনে পড়ে যাবেন। নিজের কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে শিখুন। নাহলে আজ রাস্তার ল্যাম্পপোস্টের সঙ্গে সজোরে ধাক্কা খাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মীন
আজ আপনি দিনের বেলাতেও চোখ খোলা রেখে স্বপ্ন দেখবেন। স্বপ্নে নিজেকে কোনো দ্বীপের মালিক বা লটারি বিজয়ী ভেবে ফুরফুরে মেজাজে থাকবেন। কিন্তু বাস্তব যখন কড়া নাড়বে, দেখবেন মানিব্যাগ একদম গড়ের মাঠ। আজ মাছ খাওয়া আপনার জন্য একদম শুভ নয়। মাছ দেখলে আপনি আজ তার সঙ্গে মনের কথা বলা শুরু করে দিতে পারেন!

বিশ্বভ্রমণ মানেই চড়তে হবে উড়োজাহাজে—এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এক ভিন্নধর্মী অভিযানে নেমেছেন মিসরের তরুণ ভ্রমণকারী ওমর নক। ৩১ বছর বয়সী এই অভিযাত্রী পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন পূরণ করছেন সম্পূর্ণ উড়োজাহাজবিহীন পথে। এই পথে তাঁর সঙ্গী কখনো উট, কখনো পালতোলা নৌকা, আবার কখনো মুরগি বোঝাই ট্রাক।
৩৫ মিনিট আগে
ফ্যাশনের চাকা চক্রাকারে ঘুরেফিরে পুরোনো ফ্যাশন বারবার ফিরে আসে; যা একসময় পুরোনো হয়ে যায়, কয়েক দশক পর তাই আবার নতুন আঙ্গিকে ফেরে। একসময় ইউরোপীয় অভিজাত নারীদের গাউন থেকে শুরু করে রাখালদের শার্ট—প্রায় সবখানেই ছিল চেক বা ছক-কাটা নকশার রাজত্ব। এর আবেদন মাঝে কিছুটা ফিকে হয়ে গেলেও বর্তমানে সেই দাবার...
৪ ঘণ্টা আগে
নাসার ঐতিহাসিক আর্টেমিস ২ মিশন শুরু হয়েছে আজ; অর্থাৎ ১ এপ্রিল থেকে। চারজন মহাকাশচারী চাঁদকে প্রদক্ষিণ করে ১০ দিনের অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসবেন। নভোচারীরা হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। এই মিশন আর্টেমিস প্রোগ্রামের প্রথম মানুষবাহী মিশন। এর মূল উদ্দেশ্য...
৬ ঘণ্টা আগে
মানসিক স্বাস্থ্য ও শারীরিক গঠন—একে অপরের পরিপূরক। বর্তমান সময়ে বিষণ্নতা বা ডিপ্রেশন একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। তবে অনেকে হয়তো জানেন না যে বিষণ্নতার সঙ্গে শারীরিক ওজনের একটি গভীর সম্পর্ক রয়েছে।
১৩ ঘণ্টা আগে