‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা।
এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো নির্মল নীলপথে,
এসো ধৌত শ্যামল আলো-ঝলমল-বনগিরিপর্বতে।’
—রবীন্দ্রনাথ ঠাকুর
ঋতু সবে বর্ষার সঙ্গে শ্রাবণ মাসের হিসাব চুকিয়ে নিল। পালাবদলে শরৎ এবার আসন পেতেছে ভাদ্রের দুয়ারে। শরতের ভাবমূর্তি কখনো ঝকঝকে নীল আকাশে উঁকিঝুঁকি দিলেও বর্ষা নাছোড়বান্দার মতোই। আলতো করে ধূসর মেঘে ছড়িয়ে দিতে যে ভুলবে না সময় অসময়ে, এ জানা কথা। শরৎ বাবুর সঙ্গে সংসার যেন পেতেই ছাড়বে সে! শরতের শুরুটা কাটে এমনই খুনসুটিতে।
মুগ্ধতার এক ঋতু এই শরৎ। আজ ১ ভাদ্র ১৪২৮, সোমবার। শরতের প্রথম দিন। আষাঢ়–শ্রাবণের ঘন বর্ষার রেশ কেটে যাওয়ার পর ভাদ্র আসে এক নতুন প্রাণশক্তি নিয়ে। শ্রাবণের ধুয়ে রাখা কাপড় এবার ভাদ্রের রোদে শুকিয়ে নেবার পালা। আশ্বিনে সমস্ত স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে কাশবনে। সোনাঝরা রোদে হেসে ওঠে শিউলি ফুল। শুধু শিউলি আর কাশফুলের গান গাইলে চলবে কেন। এ সময়ে গাছে গাছে ফোটে ছাতিম, দোলনচাঁপা, জারুল, মধু মঞ্জুরি, কামিনী, নয়নতারাসহ আরও কত ফুল। এসব ফুলের অনেকগুলোই শরতের আগমনী বাণী নিয়ে আসে।
শহরে শরৎকে ঘিরে আনন্দ–উৎসব চললেও গ্রামীণ পরিবেশে শরৎকে নিবিড়ভাবে উপলব্ধি করা যায়। টলটলে নীল নদীর ধার ঘেঁষে সাদা কাশফুল ফুটে থাকে। মৃদুমন্দ হাওয়ায় দুলে ওঠে তারা। নদীর ওপার ছুঁয়ে থাকা আকাশে ভেসে বেড়ায় শুভ্র মেঘের ভেলা। আর আঁধার নামলে স্বচ্ছ আকাশ আঁচলে ফুটে ওঠে লক্ষ কোটি তারা।
রবী ঠাকুরের কথা দিয়েই যদি শেষ করি, তাহলে বলি এই শরৎকে ঘিরে তাঁর স্মৃতি রয়েছে। ‘জোড়াসাঁকোর বাড়ির প্রাণের একটি ঝরনাতলা ছিল দক্ষিণের বারান্দা। শুকিয়ে গেল এর স্রোত, বড় দাদা চলে গেলেন শান্তিনিকেতন আশ্রমে। আমার কেবল মাঝে মাঝে মনে পড়ে, ঐ বারান্দার সামনেকার বাগানে মন কেমন করা শরতের রোদ্দুর ছড়িয়ে পড়েছে, আমি নতুন গান তৈরি করতে যাচ্ছি–আজি শরৎ তপনে প্রভাতস্বপনে কী জানি পরাণ কী যে চায়। ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায়।’
রবীন্দ্রনাথ তাঁর জীবনস্মৃতিতে এই স্মৃতিচারণটুকু করেছিলেন।
শরতের প্রকৃতি সবার মনকেই জাগ্রত করে। এ সময়ে রোদ-বৃষ্টির খুনসুটি চলে যেমন, তেমনি সহসা মৃদু হাওয়া ও শুভ্রনীল আকাশ মনকে করে তোলে প্রফুল্ল। আর এ জন্যই কবিগুরু বলেছেন, ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি।/ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।।/শরৎ, তোমার শিশির-ধোয়া কুন্তলে/বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে/আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি।’

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে