বাঙালি যে খানিক হলেও ভোজনরসিক—এ কথা অস্বীকারের জো কোথায়! ঝাঁঝ আর মিষ্টি খাবার তৈরির ঘনঘটা যেখানে, সেখানে খাবারের প্রতি প্রেম থাকবে না তা কী করে হয়? এই যে কিংবদন্তি সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, তিনিও এর বাইরে নাকি!
একে একে যদি বলি, ফেলুদার গোয়েন্দাগিরির মুরগীর মাংস, কৈলাসে কেলেঙ্কারির রুটি, মাংস, তরকা, মিহিদানা, নতুন গুড়ের সন্দেশ, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা বা জয় বাবা ফেলুনাথ–এর সেই মাংসের কালিয়া, ডাল, ভাত, মাছের ঝোল, দই, জিলিপি, রাবড়ির কথা—তাও যেন কম হয়ে যায়। এককথায় সত্যজিৎ রায় ভীষণ খাদ্যরসিক ছিলেন। তাঁর লেখনী ও বেশ কিছু চলচ্চিত্রে জমিয়ে খাওয়াদাওয়ার সিকোয়েন্স পাওয়া যায়। ভারতের জনপ্রিয় শিল্পী অনুপ ঘোষাল টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাড়িতে একটু লুচি, আলুর দম, বেগুন ভাজা আর ডাল হলেই সত্যজিৎ রায় দারুণ খুশি হতেন। মাছ-টাছ অতটা খেতে দেখা যেত না। তবে আমাদের বাড়িতে এলে সরষে বাটা, আর কাঁচালঙ্কা দিয়ে যে ইলিশ মাছটা করা হতো, সেটার দুটো পিস তিনি খেতেন।
অনুপ ঘোষালই জানাচ্ছেন, সত্যজিৎ পাঁঠার মাংস খেতে খুব পছন্দ করতেন। বলতেন, মুরগীর মাংসের আবার কোনো স্বাদ আছে নাকি! তবে খাবার–দাবারে যত খুঁতখুঁতেই হোন না কেন কর্মক্ষেত্রে কিন্তু তিনি অন্যরকম। স্টুডিওতে দুটো স্যান্ডউইচ, আর একটু দই হলেই তাঁর হয়ে যেত।
আর বাঙালির মুড়িতে মন মজবে না, তা কী করে হয়। একদিন নাকি সত্যজিৎ রায় অনুপ ঘোষালকে বলেছিলেন, `মুড়ি তেল দিয়ে খায় এটা তো দেখেছ, তবে মুড়ি যে ঘি আর বেশ দানা দানা চিনি দিয়েও খায় সেটা জানো?' অনুপ ঘোষাল তো অবাক হয়ে গেলেন, এমন বিশ্ব বরেণ্য মানুষের মুখে এ কি কথা! সাধারণেই অসাধারণ ছিলেন এ মানুষটি।
সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানা চলচ্চিত্রে বিজয় চরিত্রে রূপদান করেন প্রয়াত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি এক সাক্ষাৎকারে সত্যজিতের ডালভক্তির কথা বলছিলেন। স্মৃতিচারণ করে বলছিলেন, `বিউলির ডাল বা অড়হড়ের ডাল সত্যজিৎ খেতে ভালোবাসতেন। বারবার পাতে তুলে দিতে বলতেন। এই সামান্য ডালটাই তাঁর এত প্রিয় ছিল!'
২০১৭ সালের জুলাই মাসে কলকাতার রাজারহাটে আইকনিক আহেলি রেস্তোঁরায় মাসব্যাপী সত্যজিৎ রায়ের প্রিয় খাবারগুলো পরিবেশন করা হয়েছিল। তাঁর প্রিয় খাবারগুলো থালায় সাজিয়ে পরিবেশন করা হয় তখন। মেনু তৈরি করেছিলেন তাঁর ছেলে সন্দীপ রায় ও পুত্রবধূ ললিতা রায়। থালায় পরিবেশন করা হয়েছিল—লুচি, বেগুন ভজা, মোচার ঘণ্ট, ডাল রায়বাহাদুর ও ভাজা মসলার আলুর দম। সঙ্গে আরও ছিল চিংড়ির মালাই কারি, ভেটকি কালিয়া, কষা মাংস, কাঁচা আমের চাটনি, আর সবশেষে মিষ্টি দই ও সন্দেশ।
বাবার পছন্দের খাবার নিয়ে এক স্মৃতিকথায় সন্দীপ রায় বলেন, ছোটবেলায় আমরা মাঝেমধ্যেই পার্কস্ট্রিটের স্কাইরুমে কন্টিনেন্টাল খাবার খেতে যেতাম। বাড়িতে কখনো-কখনো রয়েলের বিরিয়ানিও আসত। তবে বাবা কিন্তু খুব একটা পাঁচতারা হোটেলে যেতেন না।
সূত্র: ফুডস অফ বেঙ্গল ও টাইমস অব ইন্ডিয়া

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে