Ajker Patrika

বর্ষায় যেমন পোশাক পরা চাই

বিভাবরী রায়
বর্ষায় যেমন পোশাক পরা চাই
মডেল: প্রকৃতি। ছবি: ফুহাদ হাসান

ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে। আবার বর্ষাকালে পোশাক নির্বাচনের বেলায় একটু সতর্কও থাকতে হয়, যেন কাদাজলে কাপড় নষ্ট না হয়, আবার বৃষ্টিতে ভিজে গেলেও যেন দ্রুত শুকিয়ে যায়।

গাঢ় রঙের পোশাকই বেছে নিন

বর্ষা এমন এক ঋতু, যখন সব রঙের পোশাকই পরা যায়। তবে ডিজাইনারদের ভাষ্য, এই ঋতুতে গাঢ় রঙের পোশাক পরাই ভালো। গাঢ় বেগুনি, নীল, কালো, ফরেস্ট গ্রিন, ম্যাজেন্টা, জলপাই, মেরুন, নেভি ব্লু, সি গ্রিন খুব ভালো রং বর্ষাকালে পরার জন্য। কারণ, এ সময় রাস্তাঘাটে কাদাজল জমে। তাই হালকা রঙের জামা পরলে চলাচলের সময় কাদাপানি ছিটে কাপড়ে দাগ লাগতে পারে। হালকা রঙের কাপড় থেকে এসব দাগ তোলা খুব কঠিন।

কম দৈর্ঘ্যের পোশাক এবং গাঢ় রঙের বটম

বর্ষাকালে লম্বা কামিজের পরিবর্তে টপস, ফতুয়া, কটি পরলে চলাফেরায় সুবিধা হয়। প্রিন্ট বা চেকের কামিজ, ঢোলা শার্ট, কটি, কাফতান, টি-শার্ট পরতে পারেন। এ সময় লেয়ারিং সবচেয়ে ভালো উপায়। লেয়ারিংয়ের জন্য টি-শার্টের ওপর কটি ব্যবহার করতে পারেন। এতে বৃষ্টিতে কটি ভিজে গেলেও গন্তব‍্যে পৌঁছে তা খুলে শুকিয়ে নেওয়া যাবে এবং ভেতরের টি-শার্টটি শুকনোই থাকবে। ঢোলা পালাজ্জোর পরিবর্তে কালো বা গাঢ় রঙের সিগারেট প্যান্ট, লেগিংস, ডেনিম প্যান্ট পরতে পারেন। কালো বা গাঢ় রঙের বটম বেছে নেওয়ার সুবিধা হলো, এতে কাদা লাগলেও ধুয়ে নিলে দাগ বোঝা যাবে না।

কাপড় বাছাইয়ে সতর্কতা

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এর ফলে পোশাক ভিজে গেলে সহজে শুকাতে চায় না। তাই এমন কাপড়ের পোশাক বেছে নিতে হবে, যাতে ভিজে গেলেও সহজে শুকিয়ে যায়। এ সময় জর্জেট, হাফ সিল্ক, ক্রেপ সিল্ক, আর্ট সিল্ক, তসর কিংবা সাটিন কাপড়ে তৈরি ঢিলেঢালা পোশাক বেছে নিতে হবে।

শাড়ি পরতে চাইলে

বর্ষার দিনে যদি শাড়ি পরে বের হতে চান, তাহলে উজ্জ্বল ও গাঢ় রঙের হাফ সিল্ক, শিফন, জর্জেট বা সাটিনের শাড়ি বেছে নিতে পারেন। সুতি পরতে হলে হ্যান্ডলুমের পাতলা শাড়ি পরতে পারেন। তবে সুতির পরিবর্তে এ সময় সিনথেটিক কাপড়ের ব্লাউজ পরাই ভালো। বৃষ্টিতে ভিজে গেলেও এগুলো সহজে শুকিয়ে যাবে এবং বাড়ি ফিরে শাড়ি ধুয়ে নেওয়াও সহজ হবে।

বর্ষায় নানাভাবেই পোশাকে কাদাপানি লেগে দাগ পড়ার আশঙ্কা থাকে। তাই একটু গাঢ় রঙের পোশাক বেছে নিতে হবে। তা ছাড়া ভিজলে দ্রুত শুকিয়ে যায়, এমন পোশাক নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।
আফরিন আহমেদ
স্বত্বাধিকারী, অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ

কাপড়ের রং ওঠার ঝুঁকি এড়াতে

বৃষ্টিতে ভিজে কাপড় থেকে রং উঠতে পারে, এমন কাপড় বাছাইয়ে সতর্ক হতে হবে। বর্ষায় পরার উপযোগী কি না, আগেই যাচাই করে নিতে কাপড়ের এক কোনা একটু সাবান পানিতে অথবা সুযোগ না থাকলে কোনাটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে পারেন। এরপর কয়েক মিনিট রেখে ঘষে হাত দিয়ে পরখ করে নিন রং উঠছে কি না। যদি ওঠে, তাহলে ওই পোশাক পরা থেকে বিরত থাকুন।

মনে রাখা চাই

এ সময় ভারী বুননের বা জমকালো নকশার পোশাক এড়িয়ে চলুন। বৃষ্টিতে ভিজলে এ ধরনের কাপড় শুকাতে দেরি হয়; বিশেষ করে মোটা সুতির কাপড় শুকাতে অনেক বেশি সময় লাগে। এ ছাড়া ভেজা অবস্থায় এসব কাপড় গায়ে রাখলে দুর্গন্ধ তৈরি হয় এবং ঠান্ডা লাগার আশঙ্কা থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত