
পোশাকের সঙ্গে মানানসই এক জোড়া জুতা শুধু যে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, তা-ই নয়; এটি আপনার রুচিরও পরিচয় বহন করে। অনেক সময় দেখা যায়, সঠিক যত্নের অভাবে পছন্দের জুতা দ্রুত নষ্ট হয়ে যায়। আজকালকার ফাস্ট ফ্যাশনের যুগে আমরা স্নিকার বা জুতা ছিঁড়ে গেলেই তা ফেলে দিয়ে নতুন জোড়া কিনতে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু প্রিয় এক জোড়া জুতা বছরের পর বছর নতুনের মতো টিকিয়ে রাখতে পারা একধরনের গুণও বটে। সামান্য সচেতনতা আর কিছু কৌশল জানলে আপনার শখের জুতা বছরের পর বছর নতুনের মতো রাখা সম্ভব। জুতার যত্ন নেওয়া মানে শুধু টাকা বাঁচানো নয়, এটি পরিবেশের প্রতি দায়িত্ব পালনও বটে। জুতা ভালো রাখার কার্যকর কিছু উপায় নিয়েই আজকের এই আয়োজন।
মুচির ওপর আস্থা রাখুন
অনেকে ভাবেন, জুতার তলা ফেটে গেলে বা সেলাই খুলে গেলে সেই জুতা বাতিল। কিন্তু দক্ষ মুচিরা সামান্য আঠা বা তালি দিয়ে মাত্র কয়েক শ টাকার বিনিময়ে আপনার জুতা আরও এক-দুই বছর ব্যবহারের উপযোগী করে তুলতে পারেন। এমনকি শখের স্নিকারের তলা বা সোল বদলে নেওয়ার সুযোগও রয়েছে এখন।
কেনার সময় সচেতন থাকুন
জুতা কেনার সময় আরামের সঙ্গে সঙ্গে তা কী দিয়ে তৈরি, সেটিও খেয়াল রাখুন। ভেতরের ইনসোল কার্ডবোর্ডের তৈরি হলে তা বেশি দিন টিকবে না। চামড়ার জুতার ক্ষেত্রে ভেতরের আস্তরণটিও চামড়ার কি না, তা যাচাই করে নিন।
নতুন জুতার বাড়তি সুরক্ষা
চামড়ার তলা বা সোলের জুতা কিনলে শুরুতে তার ওপর পাতলা রাবারের সোল বসিয়ে নিন। এতে জুতা দ্বিগুণ টেকসই হয় এবং পিচ্ছিল মেঝেতে পড়ে যাওয়ার ঝুঁকি থাকবে না।
চামড়াকে ‘খাবার’ দিন
মানুষের ত্বকের মতো চামড়ার জুতারও পুষ্টির প্রয়োজন। নিয়মিত অয়েল বা কন্ডিশনার ব্যবহার করলে চামড়া নমনীয় থাকে এবং ফেটে যায় না। তবে প্লাস্টিক বা সিনথেটিক জুতার ক্ষেত্রে শুধু ভালোভাবে মুছে রাখাই যথেষ্ট।
অদলবদল করে পরুন
একই জুতা টানা দুদিন পরবেন না। পায়ের ঘাম জুতার ভেতরে শোষিত হয়। এক জোড়া জুতাকে অন্তত ২৪ ঘণ্টা বিশ্রাম দিলে তা শুকানোর এবং আগের আকারে ফেরার সুযোগ পায়। এতে জুতার আয়ু বাড়ে।
নিয়মিত পরিষ্কার করুন
জুতার ভাঁজে রাস্তার ধুলোবালি জমে ঘর্ষণ তৈরি হয়। এটি দ্রুত জুতা ছিঁড়ে যাওয়ার অন্যতম কারণ। প্রতিদিন ব্যবহারের পর ভেজা কাপড় দিয়ে হালকা করে মুছে রাখলেও জুতা ভালো থাকে।
নিয়ম মেনে পালিশ করুন
জুতার উজ্জ্বলতা ধরে রাখতে ভালো মানের পালিশ ব্যবহার করুন। তবে অতিরিক্ত পালিশ হিতে বিপরীত হতে পারে। জুতার সামনের অংশ এবং গোড়ালি বেশি পালিশ করলেও ভাঁজ হওয়ার জায়গাগুলোতে খুব সামান্য পলিশ ব্যবহার করা উচিত।
ওয়াশিং মেশিনকে ‘না’ বলুন
স্নিকার পরিষ্কার করতে সেটিকে অনেকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেন। এটি জুতার আঠা ও অভ্যন্তরীণ গঠন নষ্ট করে দেয়। স্নিকার সাবান-পানি আর স্পঞ্জ দিয়ে হাতে পরিষ্কার করাই সবচেয়ে নিরাপদ।
সরাসরি তাপ এড়িয়ে চলুন
ভেজা জুতা কখনো সরাসরি রোদে বা চুলার পাশে রেখে শুকাবেন না। এতে জুতার আঠা আলগা হয়ে যায় এবং চামড়া শক্ত হয়ে ফেটে যায়।
জুতা পরার সরঞ্জামের ব্যবহার
জুতার পেছনের অংশ দুমড়ে যাওয়া ঠেকাতে ‘শু-হর্ন’ ব্যবহার করুন। ফিতে না খুলে জোর করে পা ঢোকানোর অভ্যাস জুতার গঠন নষ্ট করে দেয়।
লেস বা ফিতা নিয়মিত বদলান
পুরোনো জুতা ঝকঝকে দেখাতে চাইলে শুধু এর ফিতা জোড়া বদলে ফেলুন। দেখবেন নিমেষে চেহারায় নতুনত্ব চলে এসেছে।
সংরক্ষণ পদ্ধতি
জুতা দীর্ঘদিন তুলে রাখতে চাইলে এর অরিজিনাল বাক্সে রাখুন। এটি ধুলোবালি ও সূর্যালোক থেকে জুতার সুরক্ষা দেবে।
সূত্র: সাউদার্ন লিভিং, গার্ডিয়ান ও অন্যান্য

দরজায় কড়া নাড়ছে ঈদ। এই আনন্দ পূর্ণতা পায় তখন, যখন ঘরদোর থাকে পরিপাটি ও পরিচ্ছন্ন। কিন্তু ব্যস্ত সময়ে মেঝের দাগ বা কালচে ভাব দূর করা বেশ ঝক্কির কাজ বলে মনে হতে পারে। রোজ ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে মোছার পরও অনেক সময় ঘরের মেঝে পরিচ্ছন্ন দেখায় না। কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব অল্প...
১৬ ঘণ্টা আগে
উৎসবে নিজেকে সাজাতে মেয়েদের জন্য মেহেদি এক অনন্য অনুষঙ্গ। আগেকার দিনে ঈদে হাতভর্তি নকশায় মেহেদি লাগানোর চল থাকলেও এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই চলে বদল এসেছে। এখনকার তরুণীরা ঘণ্টার পর ঘণ্টা বসে মেহেদি লাগানোর চেয়ে ছিমছাম বা এককথায় সিম্পল নকশা বেশি পছন্দ করছেন। মেহেদির সৌন্দর্য কেবল তার গাঢ় রঙে নয়....
১৭ ঘণ্টা আগে
অতিরিক্ত আর্দ্রতা, অযত্ন এবং রুক্ষতার কারণে চুল অনেক সময় নিয়ন্ত্রণে থাকতে চায় না। বিশেষ করে কোঁকড়া বা ঢেউখেলানো চুলে এই সমস্যা আরও বেশি দেখা দেয়। চুলের উষ্কখুষ্ক ভাব দূর করা কোনো কঠিন কাজ নয়, প্রয়োজন শুধু একটু সচেতনতা ও সঠিক যত্ন।
১৮ ঘণ্টা আগে
ঘরদোর পরিষ্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা ঈদের অবিচ্ছেদ্য অংশ। দামি আসবাব বা আলোকসজ্জার ভিড়ে একচিমটি সতেজতা যোগ করতে পারে জীবন্ত ইনডোর প্ল্যান্ট। এগুলো কেবল ঘরের সৌন্দর্যই বাড়ায় না; বরং দীর্ঘ উপবাসের পর আপনার ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে এবং মন শান্ত রাখতে সাহায্য করে। গাছ কেবল ঘর সাজানোর একটি উপকরণ...
১৮ ঘণ্টা আগে