
মেক্সিকো বললেই চোখের সামনে ভেসে ওঠে মাদক কার্টেল আর সহিংসতার ছবি। কিন্তু দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের আবহে এখন এক ভিন্নধর্মী উন্মাদনা তৈরি হয়েছে দেশটির নিরাপত্তাপ্রধান ওমর গার্সিয়া হারফুচকে নিয়ে। অপরাধ দমনের চেয়ে এখন তাঁর ‘হিরো’ ইমেজ এবং সুদর্শন চেহারা মেক্সিকানদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাজার—সবখানেই এখন হারফুচকে নিয়ে একধরনের ‘পপ কালচার’ বা গণসংস্কৃতি গড়ে উঠেছে।
মেক্সিকোর প্রতিটি শহরের রাস্তার পাশের বাজারগুলোতে এখন দেদার বিক্রি হচ্ছে হারফুচের ছবিসংবলিত কম্বল, বালিশ এবং ‘হারফুচিতো’ পুতুল। এমনকি এআই দিয়ে তৈরি ফ্যান্টাসি ছবি কিংবা সুপারহিরো বেশেও তাঁকে ফুটিয়ে তোলা হচ্ছে কেক কিংবা ফানেল থ্রোতে। টিকটকে তাঁর হাসিমাখা মুখ নিয়ে তৈরি ‘ফ্যান এডিট’ ভিডিওগুলো এখন ভাইরালে শীর্ষে। মেক্সিকান লোকসংগীত বা ‘করিডোস’-এ তাঁকে বর্ণনা করা হচ্ছে এক ‘অকুতোভয় কিংবদন্তি’ হিসেবে।
হারফুচের এই জনপ্রিয়তার মূলে রয়েছে ২০২০ সালের এক ভয়াবহ হামলার ঘটনা। মেক্সিকো সিটিতে তাঁকে লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী হামলায় তাঁর দুই নিরাপত্তাকর্মী নিহত হন এবং হারফুচ নিজে গুলিবিদ্ধ হয়েও অলৌকিকভাবে বেঁচে ফেরেন। এই ‘মরণজয়ী’ ভাবমূর্তি তাঁকে জনগণের কাছে এক জীবন্ত লোকগাথায় পরিণত করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুখ্যাত জালিস্কো কার্টেল নেতা ‘এল মেনচো’র মৃত্যুর পর হারফুচের জনপ্রিয়তা আরও তুঙ্গে ওঠে। কারণ, ওই হামলার পেছনে মেনচোকেই দায়ী করেছিলেন তিনি।
মেক্সিকোর তেপিতো নামক বিখ্যাত বাজারে আগে যেখানে মাদকসম্রাট ‘এল চাপো’ বা গাঁজার ছবিসংবলিত পণ্যের আধিপত্য ছিল, সেখানে এখন হারফুচের ছবি দেওয়া পণ্য জায়গা দখল করে নিচ্ছে। অপরাধ বিশ্লেষক অস্কার বালমেন বলেন, হারফুচের এই ‘ক্লিন ইমেজ’ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আকাঙ্ক্ষাকে উসকে দিয়েছে। মানুষ নিরাপদে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। হারফুচের মাধ্যমে সাধারণ মানুষ এই পরিবর্তনের বিষয়টি তুলে ধরতে চাইছে।
হারফুচের মা, বিখ্যাত অভিনেত্রী মারিয়া সর্টে তাঁর ছেলের এই জনপ্রিয়তা নিয়ে বেশ আমোদিত। তিনি জানান, হারফুচ একজন বিনয়ী মানুষ এবং নিজের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে হারফুচ নিজে কিছু ‘সেক্স সিম্বল’ ইমেজ নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও রাজনৈতিকভাবে এর গুরুত্ব তিনি অস্বীকার করেন না।
৪৪ বছর বয়সী হারফুচের বংশপরিচয়ও বেশ চমকপ্রদ। তাঁর বাবা একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ছিলেন এবং দাদাও ছিলেন একজন জেনারেল। মেক্সিকো সিটির পুলিশপ্রধান হিসেবে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাঁর সময়ে হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে কমেছিল। বর্তমানে তিনি দেশটির জাতীয় নিরাপত্তাপ্রধানের দায়িত্ব পালন করছেন।
বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, ২০৩০ সালের মেক্সিকো প্রেসিডেন্ট নির্বাচনে হারফুচ অন্যতম শীর্ষ প্রতিযোগী হিসেবে আবির্ভূত হতে পারেন। যদিও তিনি নিজে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি, তবে সাধারণ মানুষের কাছে তিনি এখন শুধু একজন ‘টেকনোক্র্যাট’ নিরাপত্তাপ্রধান নন, বরং মেক্সিকোর শৃঙ্খলা ও আস্থার প্রতীক।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৬ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে