
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অভিযানকে জাতি হত্যা বা জেনোসাইড বলে উল্লেখ করেছে।
রয়টার্স আজ বৃহস্পতিবার অ্যামনেস্টির এক প্রতিবেদনের সূত্রে জানায়, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষাৎকার, ছবি, ভিডিও, কয়েক মাস ধরে করা তদন্ত এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি বিশ্লেষণ করেছে সংস্থাটি। এরপর গাজায় ইসরায়েলি অভিযানকে ‘জেনোসাইড’ হিসেবে অভিহিত করেছে।
দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘ইসরায়েলের কর্মকাণ্ডকে জেনোসাইড হিসেবে অভিহিত করার সিদ্ধান্ত “হালকাভাবে, রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে” নেওয়া হয়নি। সেখানে জাতি হত্যা ঘটছে। ছয় মাস ধরে পর্যবেক্ষণের পর এ নিয়ে আমাদের মনে বিন্দুমাত্রও সন্দেহ নেই।’
১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে উল্লিখিত জেনোসাইডের সংজ্ঞায় বলা হয়েছে, ‘একটি জাতি, জাতিগত গোষ্ঠী, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে করা কর্মকাণ্ড।’ অ্যামনেস্টি বলছে, কনভেনশনে নিষিদ্ধ পাঁচটি কর্মকাণ্ডের মধ্যে অন্তত তিনটি করেছে ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫০ জন হামাসের হাতে জিম্মি হয়েছে বলে দাবি করে ইসরায়েল। এর জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। এ অভিযানে গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে ‘জাতিগত হত্যা’র অভিযোগ অস্বীকার করে ইসরায়েল দাবি করছে, তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। হামাসের হামলার প্রেক্ষিতে তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করছে।
জাতিসংঘ জানায়, গাজা উপত্যকায় ১৪ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজার ২৩ লাখ বাসিন্দার বেশির ভাগই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে অনেকে ১০ বারেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন।
এ প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এক বিবৃতিতে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েল। তাঁরা জানিয়েছে, এ গবেষণা, অর্থায়ন বা প্রতিবেদন তৈরির প্রক্রিয়ার সঙ্গে তাঁরা সম্পৃক্ত ছিল না এবং এই অভিযোগকে স্বীকৃতি দেয় না।
ইসরায়েলের বিরুদ্ধে জাতি হত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর আগে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে