
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, প্রয়োজনে তিনি শপথ ভেঙে নিজ দেশের জন্য আবারও অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র তাঁর এবং তাঁর সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেত্রো বলেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় সহিংস হস্তক্ষেপ করে, বিশেষ করে ভেনেজুয়েলায় চলতি সপ্তাহের অভিযানের মতো কোনো পদক্ষেপ নিলে, তার জবাব দেওয়া হবে। পেত্রো বলেন, ‘আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র স্পর্শ করব না। কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র তুলে নেব।’ পেত্রো নিজেই একসময় বামপন্থী সশস্ত্র যোদ্ধা ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক হিসেবে পেত্রো সম্প্রতি সামনে এসেছেন। ট্রাম্প মাদক পাচার দমনের নামে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছেন। দুই দেশের এই দুই নেতা এর আগেও একে অপরের বিরুদ্ধে কটু মন্তব্য করেছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের হুমকি আরও আক্রমণাত্মক রূপ নিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে অপহরণের ঘটনার পর পেত্রোর উচিত ‘নিজের পশ্চাদ্দেশ সামলে রাখা।’ আন্তর্জাতিক আইনের বহু বিশেষজ্ঞ এই অপহরণকে অবৈধ মনে করছেন। গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পেত্রোর সরকারের বিরুদ্ধে একই ধরনের একটি অভিযান চালানো ‘তাঁর কাছে ভালোই মনে হয়।’
ট্রাম্প বলেন, ‘কলম্বিয়াও খুব দুর্বল একটি দেশ, এটি পরিচালিত হচ্ছে একজন দুর্বল মানুষের হাতে, যে কোকেন তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না।’ ট্রাম্পের এসব মন্তব্যের নিন্দা জানিয়ে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘আন্তর্জাতিক আইনের নিয়মের পরিপন্থী এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ।’
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, পেত্রো যুক্তরাষ্ট্রে মাদক পাচার সহজ করে দিচ্ছেন। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। পেত্রো এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, তাঁর সরকার মাদক উৎপাদন দমনে কাজ করছে, তবে একই সঙ্গে ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর সামরিকীকৃত পদ্ধতি থেকে সরে আসার চেষ্টা করছে।
পেত্রো বলেন, ‘আমি আমার জনগণের ওপর অপরিসীম আস্থা রাখি। আর সেই কারণেই আমি জনগণকে অনুরোধ করেছি, প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো অবৈধ ও সহিংস পদক্ষেপ নেওয়া হলে তারা যেন তাকে রক্ষা করে।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে