
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি এক ব্যক্তির বিধবা স্ত্রীর পক্ষে দেওয়া স্থায়ী লোক আদালতের (পিএলএ) রায় বহাল রেখেছেন। ওই ব্যক্তি জীবনবিমা পলিসি নেওয়ার মাত্র ২৫ দিনের মাথায় মারা যান। আর পলিসিটিতে মৃত্যুকালীন সুবিধা হিসেবে ১৪ লাখ ২২ হাজার রুপি নির্ধারিত ছিল। ফলে এখন স্ত্রীকে পুরো অর্থই দিতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বিচারপতি জগমোহন বানসাল পর্যবেক্ষণে বলেন, ভারতী এএক্সএ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড অভিযোগ করেছিল, পলিসিধারী ব্যক্তি বিমা নেওয়ার সময় আগে থেকেই ক্যানসারে আক্রান্ত থাকার তথ্য গোপন করেছিলেন। তবে প্রতিষ্ঠানটি সেই অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
হাইকোর্ট ১৯ মে দেওয়া আদেশে বলেন, ‘স্থায়ী লোক আদালত এমন সিদ্ধান্তে পৌঁছেছে, বিমা কোম্পানি প্রমাণ করতে পারেনি যে বিমা করা ব্যক্তি ক্যানসারে ভুগছিলেন। এই পরিস্থিতিতে চ্যালেঞ্জ করা আদেশে হস্তক্ষেপের সুযোগ নেই।’ বিমা কোম্পানির করা আবেদনের শুনানির সময় হাইকোর্ট দেখতে পান, ওই ব্যক্তি ২০১৮ সালের ২৫ এপ্রিল মারা যান। বিমা কোম্পানি স্থায়ী লোক আদালতের ২০২৫ সালের ২ এপ্রিলের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিল।
আদালতে উপস্থাপিত নথি অনুযায়ী, নারীর স্বামী সমুন্দর সিং ২০১৮ সালের ২৩ মার্চ ভারতী কোম্পানি জীবনবিমা পলিসি গ্রহণ করেন। দাবি করা হয়, বিমার অঙ্ক ছিল ৭ লাখ ১১ হাজার রুপি এবং মৃত্যুকালীন সুবিধা ছিল ১৪ লাখ ২২ হাজার রুপি। তিনি প্রথম কিস্তি হিসেবে ৬৩ হাজার ১৭২ রুপি পরিশোধ করেন। এরপর ২০১৮ সালের ২৫ এপ্রিল আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
পলিসি ইস্যুর মাত্র ২৫ দিনের মধ্যে তাঁর মৃত্যু ঘটে। ২০১৯ সালের ৩১ মার্চ এক চিঠির মাধ্যমে বিমা কোম্পানি দাবি প্রত্যাখ্যান করে। কোম্পানির অভিযোগ ছিল, বিমা করা ব্যক্তি স্কোয়ামাস সেল কার্সিনোমায় আক্রান্ত ছিলেন। আরও অভিযোগ করা হয়, তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকেই ওই রোগের চিকিৎসা নিচ্ছিলেন এবং আগে থেকে থাকা গুরুতর রোগের তথ্য গোপন করেছিলেন।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারী স্থায়ী লোক আদালতের দ্বারস্থ হন। ২০২৫ সালের ২ এপ্রিলের আদেশে লোক আদালত তাঁর দাবি মঞ্জুর করেন। হাইকোর্ট উল্লেখ করেন, বিমা কোম্পানি কেবল তথ্য গোপনের অভিযোগকে ভিত্তি করেই লোক আদালতের আদেশ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
আদালত পর্যবেক্ষণে বলেন, নির্ভরযোগ্য প্রমাণের মাধ্যমে বিমা কোম্পানি তাদের অভিযোগ প্রতিষ্ঠা করতে পারেনি। আদালত আরও উল্লেখ করেন, স্থায়ী লোক আদালত বিমা কোম্পানির তদন্ত প্রতিবেদন ও দাখিল করা চিকিৎসা-সংক্রান্ত নথিতে বিভিন্ন ত্রুটি খুঁজে পেয়েছিলেন।
হাইকোর্ট আরও বলেন, স্থায়ী লোক আদালত তাঁদের পর্যবেক্ষণে উল্লেখ করেছিলেন, চিকিৎসা প্রতিবেদনের ফটোকপিতে কোনো চিকিৎসকের স্বাক্ষর ছিল না। সেটি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষও যথাযথভাবে সত্যায়ন করেনি। পাশাপাশি সিআর নম্বর নিয়েও অসংগতি ছিল। আদালত আরও উল্লেখ করেন, কথিত রোগ এবং মৃত্যুর প্রকৃত কারণের মধ্যে কোনো সম্পর্ক বিমা কোম্পানি প্রতিষ্ঠা করতে পারেনি। নথিপত্র অনুযায়ী, ওই ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থায়ী লোক আদালতের রায়ে কোনো সুস্পষ্ট তথ্যগত বা আইনি ত্রুটি না পাওয়ায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান এবং বিমা কোম্পানির আবেদন খারিজ করে দেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে