
ওমান উপকূলে একটি বাণিজ্যিক ভারতীয় জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনার প্রতিবাদে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত প্রধান (শার্জ দ্য অ্যাফেয়ার্স) জেসন মিক্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত বাণিজ্যিক জাহাজটির নাম ‘সেট্টেবেলো’। হামলার সময় জাহাজটিতে ২৪ জন ভারতীয় ক্রু বা কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা এবং বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। পশ্চিম এশিয়ায় চলমান সামগ্রিক সংঘাতেরই প্রতিফলন এই ঘটনা। আমরা আবারও সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছি।’
নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আন্তর্জাতিক আইন মেনে সমুদ্রপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ভারত।
উল্লেখ্য, ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একই এলাকায় একটি ভারতীয় জাহাজ হামলার শিকার হয়ে সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছিল।
সাধারণত এ ধরনের হামলার পেছনে আঞ্চলিক কোনো গোষ্ঠীর হাত থাকলেও, মার্কিন দূতাবাসের প্রধান জেসন মিক্সকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
বিশ্লেষকদের মতে, মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতি এবং ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের কারণে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে কি না, কিংবা এই সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ভারতের কোনো সুনির্দিষ্ট বার্তা বা অসন্তোষ রয়েছে—তা স্পষ্ট করতেই এই তলব। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কূটনীতিকের সঙ্গে আলোচনার সুনির্দিষ্ট বিবরণ এখনো প্রকাশ করেনি।
গত কয়েক দিনে পশ্চিম এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অবনতির দিকে গেছে। দীর্ঘদিনের পরোক্ষ লড়াই ছাপিয়ে ইরান ও ইসরায়েল এবার সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরুতে মার্কিন প্রশাসন সংযমের কথা বললেও অতি সম্প্রতি হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দৃশ্যপট দ্রুত বদলে যায়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ওই হেলিকপ্টারটিতে হামলা চালিয়েছিল। এর জের ধরে মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার পাল্টা জবাব দেয় তেহরানও।
এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান সমঝোতায় আসার জন্য অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছে। এখন তাদের এই বিলম্বের চড়া মূল্য চোকাতে হবে।’
বাণিজ্যিক জাহাজে এই হামলা এবং ওয়াশিংটন-তেহরানের মুখোমুখি অবস্থানের কারণে হরমুজ প্রণালিসহ এডেন উপসাগরের আন্তর্জাতিক বাণিজ্য পথ এখন চরম ঝুঁকিতে পড়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১০ ঘণ্টা আগে