
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাংলার আলোচিত নবাব মীর জাফরের বংশধরদের একটি বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মুর্শিদাবাদের লালবাগের ঐতিহাসিক ‘কেল্লা নিজামত’ ও এর আশপাশের এলাকায় বসবাসকারী নবাব পরিবারের অন্তত ১৫০ জন সদস্য এই তালিকায় নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, বাদ পড়া নামের তালিকায় রয়েছেন বর্তমান প্রজন্মের ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলী মির্জা ও তাঁর পুত্র সৈয়দ মুহাম্মদ ফাহিম আলী মির্জা। ফাহিম আলী মির্জা স্থানীয় পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁর নিজের ও তাঁর বাবার নাম তালিকায় নেই।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রাথমিক তালিকা প্রকাশের পর তাঁদের শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে তাঁরা বৈধ সব নথিপত্র জমা দিলেও চূড়ান্ত তালিকায় তাঁদের নাম ‘বিবেচনাধীন’ থেকে পরে বাদ দেওয়া হয়েছে।
নবাব পরিবারের ১৬তম উত্তরপুরুষ ফাহিম আলী মির্জা আক্ষেপ করে বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা এই অঞ্চল শাসন করেছেন, হাজারদুয়ারি প্রাসাদসহ সব স্থাপত্য তাঁদের নির্মাণ। দেশভাগের সময় ১৯৪৭ সালে অনেক প্রলোভন সত্ত্বেও এই পরিবার পাকিস্তানে না গিয়ে ভারতে থেকে গিয়েছিল। মুর্শিদাবাদ যাতে ভারতের অন্তর্ভুক্ত হয়, সে ব্যাপারেও আমাদের পরিবারের ভূমিকা ছিল। অথচ এত বছর পর আজ আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।’
উল্লেখ্য, মীর জাফরের পূর্বপুরুষেরা আরব থেকে এসেছিলেন বলে জানা যায়। মীর জাফরের বংশধরেরা দাবি করেন, তাঁরা ইমাম হাসান (রা.) ও হোসাইন (রা.)-এর উত্তরপুরুষ। মীর জাফর পরিবারের এক সদস্য ইস্কান্দার আলী মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু রেজা আলী মির্জাদের দাবি, তাঁদের মূল ধারাটি সব সময়ই ভারতের মাটির প্রতি অনুগত ছিল।
মুর্শিদাবাদের লালবাগের নব আদর্শ উচ্চবিদ্যালয়ের ১২১ ও ১২২ নম্বর বুথে নবাব পরিবারের প্রায় ৫৫০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৫০ জনের নাম বাদ পড়াকে ‘অবিচার’ হিসেবে দেখছেন তাঁরা। নির্বাচন কমিশনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নামের অসংগতি ধরার প্রক্রিয়ার কারণেই এমনটা হতে পারে বলে অনেকের ধারণা।
সৈয়দ মুহাম্মদ ফাহিম আলী মির্জা জানান, এর আগে ভোটার তালিকায় তাঁদের নামের কিছু অংশ বাদ গিয়েছিল (যেমন ‘সৈয়দ’ বা ‘মুহাম্মদ’ শব্দগুলো), যা তাঁরা নিয়ম মেনে সংশোধন করেছিলেন। কিন্তু এবার চূড়ান্ত তালিকায় নাম না থাকায় তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
গবেষকদের মতে, শুধু নবাব পরিবার নয়, মালদা ও মুর্শিদাবাদের মতো মুসলিম-অধ্যুষিত জেলাগুলোয় বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সমাজ গবেষণা প্রতিষ্ঠান সবর ইনস্টিটিউটের গবেষক সাবির আহমেদ জানান, নামের বানানে অসংগতি বা পরিবারের সদস্যদের সঙ্গে যোগসূত্র খুঁজে না পাওয়ার অজুহাতে কয়েক লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে।
নবাব পরিবারের সদস্যরা এখন ট্রাইব্যুনালে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। তবে আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে আসন্ন নির্বাচনে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই ঐতিহাসিক পরিবারের সদস্যরা।

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে, তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন...
৪ ঘণ্টা আগে
ইরানের ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দক্ষিণ ইরানে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র নিচে তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
এই যুদ্ধবিমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর দুই আসনবিশিষ্ট ককপিট। সামনের আসনে পাইলট বসে বিমানটি নিয়ন্ত্রণ করেন। পেছনের আসনে বসেন একজন ক্রু। তাঁর সামনে চারটি স্ক্রিন থাকে ও তাঁর প্রধান কাজ হলো লক্ষ্যবস্তু নির্বাচন করা এবং প্রতিটি হামলার জন্য অস্ত্রগুলোকে সঠিকভাবে প্রোগ্রাম করা।
৬ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে