
গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর আগের অঙ্গীকার থেকে সরে এসেছে জার্মানি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা মামলা করার সময় যে অবস্থান নিয়েছিল, এটি তার থেকে বড় নীতিগত পরিবর্তন। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ সপ্তাহে জানান, হেগের আদালতে ইসরায়েলের পক্ষ আর সমর্থন করবে না জার্মানি। অথচ ২০২৪ সালের জানুয়ারিতে বার্লিন ঘোষণা দিয়েছিল, তারা ইসরায়েলকে সমর্থন করবে এবং দক্ষিণ আফ্রিকার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিল।
এ পদক্ষেপ জার্মানির প্রকাশ্য অবস্থানের একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ। গাজায় সামরিক হামলার মাধ্যমে ইসরায়েল গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে—এই অভিযোগ এনে যখন দক্ষিণ আফ্রিকা মামলা দায়ের করে, তখন পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মানি ছিল প্রথম সারির সমর্থকদের একটি। বার্লিন তখন যুক্তি দিয়েছিল, গণহত্যার অভিযোগের ‘কোনো ভিত্তি নেই’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জার্মানির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আইসিজেতে তাদের নিজেদের আইনি জটিলতা। নিকারাগুয়া পৃথক এক মামলায় জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন, বিশেষ করে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনেছে। অভিযোগে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের অভিযানে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে জার্মানি এসব আইন ভঙ্গ করেছে।
ওই মামলায় ইতিমধ্যে ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানি এবং জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নজরদারি ও সমালোচনা বেড়েছে। যদিও ২০২৪ সালে আইসিজে বার্লিনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়নি, তবে নিকারাগুয়ার মামলাটি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। ফলে আদালতে জার্মানিকে নিজেদের অবস্থান রক্ষা করতে হচ্ছে।
বার্লিন এখনো বলেনি যে তারা ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগ মেনে নিয়েছে। একই সঙ্গে নিকারাগুয়ার মামলায় জার্মানির বিরুদ্ধে আনা অভিযোগও তারা প্রত্যাখ্যান করে আসছে। তবে ইসরায়েলের পক্ষে আনুষ্ঠানিকভাবে যোগ না দেওয়ার সিদ্ধান্তকে আন্তর্জাতিক চাপ বাড়ার মুখে আইনি ও রাজনৈতিক ঝুঁকি এড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে গাজায় ইসরায়েলের অভিযানে জার্মানির ভূমিকা নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে।
এদিকে মামলায় অংশ নিতে আরও দেশ এগিয়ে আসছে। নেদারল্যান্ডস ও আইসল্যান্ড ১১ মার্চ আইসিজেতে হস্তক্ষেপের ঘোষণা জমা দিয়ে প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার মামলায় মতামত জানাতে আগ্রহী দেশের তালিকা আরও দীর্ঘ হলো।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে