Ajker Patrika

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

আজকের পত্রিকা ডেস্ক­
ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটনের সঙ্গে আবারও আলোচনা শুরুর জন্য তেহরান প্রস্তাব দিয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। আজ সোমবার তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো আলোচনায় বসবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লারিজানি এসব বক্তব্য দেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছে—এমন প্রতিবেদনের জবাব দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বলা হয়েছিল, ওমানের মাধ্যমে লারিজানি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করেছিলেন। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।’

আলাদা এক পোস্টে লারিজানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিষয়ক মন্তব্যেরও জবাব দেন। তিনি ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেন, ‘শূন্য বিভ্রম দিয়ে তিনি অঞ্চলটিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন।’ লারিজানির ভাষায়, ‘এখন তিনি মার্কিন সেনাদের আরও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন। নিজের ভ্রান্ত ধারণা দিয়ে তিনি আমেরিকা ফার্স্ট স্লোগানকে ইসরায়েল ফার্স্টে রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার লালসার জন্য মার্কিন সেনাদের উৎসর্গ করেছেন।’ তিনি আরও অভিযোগ করেন, ‘নতুন নতুন মিথ্যার মাধ্যমে মার্কিন সেনা ও তাদের পরিবারকে তিনি এর মূল্য দিতে বাধ্য করছেন।’

এর আগে, ট্রাম্প জানান, ইরানের বর্তমান নেতৃত্ব তাঁর প্রশাসনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক এবং তিনি সেই আহ্বানে সাড়া দেওয়ার পরিকল্পনা করছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায় এবং আমি তাতে রাজি হয়েছি। সুতরাং, আমি তাদের সঙ্গে আলোচনায় বসব।’

আলোচনায় সম্মত হলেও ইরানের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, তাদের আরও আগেই এটি করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।

শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও। জবাবে তেহরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তিনজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত