চিকুনগুনিয়া ভাইরাস একটি মশাবাহিত রোগ, যা প্রচণ্ড জ্বর ও জয়েন্টে ব্যথা সৃষ্টি করে। এই রোগ প্রথম ১৯৫২ সালে তানজানিয়ায় শনাক্ত করা হয়েছিল এবং এর নাম কিমাকোন্ডে ভাষার ‘চিকুনগুন্যা’ শব্দ থেকে এসেছে, যার অর্থ বিকৃত হয়ে যাওয়া। এই রোগ এখন বিশ্বের অনেক অঞ্চলে ছড়িয়ে পড়েছে; বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে।
বাংলাদেশে চিকুনগুনিয়া প্রথম শনাক্ত হয় ২০০৮ সালে। তখন এটি সীমিত আকারে ছিল। সবচেয়ে বড় প্রাদুর্ভাব ঘটে ২০১৭ সালে। তখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনেক মানুষ আক্রান্ত হয়।
চিকিৎসা
চিকুনগুনিয়া ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। ওষুধ সাধারণত লক্ষণগুলো উপশমের জন্য ব্যবহার করা হয়।
জ্বর কমাতে ওষুধ, ব্যথা উপশমের জন্য ওষুধ, পর্যাপ্ত তরল পান করা এবং পরিমিত বিশ্রাম নিলে ৫-১০ দিনে আক্রান্ত ব্যক্তি সাধারণত সুস্থ হয়ে যায়। তবে তীব্র রোগের লক্ষণ এবং গুরুতর কোনো সমস্যা হলে, অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।
চিকুনগুনিয়া ভাইরাস প্রতিরোধ
চিকুনগুনিয়া ভাইরাস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো মশার কামড় এড়িয়ে চলা। মশারি ব্যবহার করে ঘুমানো, দীর্ঘ হাতার জামা এবং লম্বা প্যান্ট পরা, বাড়িতে ঘুমানোর সময় এবং প্রয়োজনে কাজের জায়গায় মশারি ব্যবহার করা, মশাপ্রতিরোধী স্প্রে ও লোশন ব্যবহার করে মশার কামড় এড়ানো যায়।
চিকুনগুনিয়া ভাইরাসের লক্ষণ
চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সাধারণত দুই থেকে সাত দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। এ রোগে উচ্চ তাপমাত্রার জ্বর, জয়েন্টে প্রচণ্ড ব্যথা (বিশেষ করে হাত, কবজি, গোড়ালি, কাঁধ ও হাঁটু), মাথাব্যথা, পেশিব্যথা, ক্লান্তি, ত্বকে ফুসকুড়ির মতো লক্ষণ দেখা যায়। অস্থিসন্ধিতে ব্যথা থাকে, যা কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

কখনো কখনো এই ভাইরাসে আক্রান্ত হলেও কোনো রোগ-উপসর্গ প্রকাশ পায় না। রোগটি সাধারণত আকস্মিক উচ্চমাত্রার জ্বর, জয়েন্টে ব্যথা ও চামড়ায় ফুসকুড়ি দিয়ে শুরু হয়। ফুসকুড়ি রোগের শুরুতে দেখা দিতে পারে। তবে অনেক সময় রোগ শুরু হওয়ার দুই থেকে তিন দিন পর জ্বর কমতে শুরু করলে ফুসকুড়ি দেখা দেয়।
চিকুনগুনিয়া ভাইরাসের সঙ্গে ডেঙ্গু জ্বর ও জিকা ভাইরাসের লক্ষণের প্রায় মিল থাকায় বিভ্রান্তি হয়। তবে চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণে সাধারণত জয়েন্টে তীব্র ব্যথা হয়। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এবার বাচ্চাদের মধ্যেও চিকুনগুনিয়ার সংক্রমণ বাড়ছে।
চিকুনগুনিয়া ভাইরাস সাধারণত গুরুতর রোগ নয়; তবে বয়স্ক ব্যক্তিরা, গর্ভবতী নারী এবং এরই মধ্যে অন্য স্বাস্থ্য সমস্যা রয়েছে (ক্যানসার, ডায়াবেটিস, লিভার ও কিডনিজনিত সমস্যা ইত্যাদি) এমন ব্যক্তিদের ক্ষেত্রে আরও গুরুতর লক্ষণ দেখা দিতে পারে।
লেখক: ডা. কাকলী হালদার, এমবিবিএস, এমডি (মাইক্রোবায়োলজি) সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে