Ajker Patrika

কুমিল্লায় ব্যাটারি চুরির অভিযোগে বৈদ্যুতিক শকের ঘটনাকে ছাত্রলীগ নেতাকে নির্যাতন দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
কুমিল্লায় ব্যাটারি চুরির অভিযোগে বৈদ্যুতিক শকের ঘটনাকে ছাত্রলীগ নেতাকে নির্যাতন দাবিতে প্রচার
ছাত্রলীগ নেতাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘খুঁটিতে বেঁধে ছাত্রলীগ নেতাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন’—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্যাতনের শিকার ব্যক্তি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পিয়াল মোল্লা।

‘Ajker Kantho Digital’ নামের একটি পেজ থেকে গতকাল (২৯ মার্চ) রাত ৯টার দিকে শেয়ার করা ভিডিওটি আজ (৩০ মার্চ) বিকেল ৪টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৯৬ হাজার বার দেখা হয়েছে। ভিডিওতে প্রায় ১১ হাজার রিয়েকশন রয়েছে। এ ছাড়া ওই পোস্টে ১ হাজার ১০০টি কমেন্ট এবং ২ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।

এই দাবিতে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক ( , , , , ) পোস্ট ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী ভিডিওটি সত্য মনে করে শেয়ার ও প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার অনেকে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দুজন ব্যক্তিকে খুঁটিতে বেঁধে মারধর করা হচ্ছে। ভিডিওটির সঙ্গে যুক্ত ক্যাপশনে রাজনৈতিক পরিচয় জুড়ে দেওয়া হলেও কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ করা হয়নি।

বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির ফেসবুক পেজে ‘মসজিদে ব্যাটারি চুরি! দুই যুবককে বৈদ্যুতিক শক শাস্তির ভিডিও তোলপাড়!’—এই ক্যাপশনে ৫ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়।

গাজি টিভির ভিডিও। ছবি: স্ক্রিনশট
গাজি টিভির ভিডিও। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘চোর সন্দেহে ২ যুবককে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন’ শিরোনামে ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ২৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের ছবির সঙ্গে ভাইরাল ভিডিওতে থাকা দুই যুবকের চেহারার মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, মসজিদের ব্যাটারি চুরির চেষ্টা করার সময় ওই দুই যুবককে আটক করে এলাকাবাসী। আটক করার পর তাদের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওতে দেখা যায়, দুই যুবককে একটি পিলারের সঙ্গে বেঁধে স্টানগান দিয়ে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে এবং তাদের ঘিরে রেখেছে স্থানীয় লোকজন। গ্রামবাসীরা জানান, তাঁদের একজনের নাম নাঈম (৩০), অন্যজনের পরিচয় জানা যায়নি।

ডেইলি স্টারের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
ডেইলি স্টারের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

অনুসন্ধানে এ ঘটনায় কোথাও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কোনো নেতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। দেশীয় কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির পক্ষে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় সম্পর্কেও নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি।

সিদ্ধান্ত

ছাত্রলীগ নেতাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর। এটি আসলে কুমিল্লায় চুরির অভিযোগে দুই ব্যক্তিকে মারধরের ভিডিও, যার সঙ্গে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত