নাটোরের ছেলে আবু হেনা রনি। কৌতুক বলে মানুষের মুখে হাসি ফোটাতে ওস্তাদ। দেশজোড়া পরিচিতি এসেছিল ওপার বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর সুবাদে। শুধু দেশেই নয়, মীরাক্কেলের মঞ্চে সেরা হয়ে ওঠার সুবাদে পশ্চিমবঙ্গেও দারুণ পরিচিত রনি।
সেই রনি যখন দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়, তখন তাঁর জন্য উদ্বিগ্ন দুই বাংলার তারকারা। ঢাকায় বার্ন ইনস্টিটিউট হাসপাতালের বিছানায় কাতরানো রনির জন্য শুভকামনা জানাচ্ছেন দুই বাংলার অসংখ্য ভক্ত।
রনির খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রার্থনায় সরব মীরাক্কেল পরিবার। সঞ্চালক মীর আফসার আলি ফেসবুক পেজে রনির জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’ এই রিয়েলিটি শোর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, ‘কথা হয়েছে ওর ম্যানেজারের সঙ্গে। এখন আগের থেকে ভালো আছে জানিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করি।’ রনি যখন মীরাক্কেলের প্রতিযোগী ছিলেন, তখন থেকেই অনুষ্ঠানের বিচারক শ্রীলেখা মিত্র দারুণ পছন্দ করেন তাঁকে। রনির সুস্থতা কামনা করে তিনি বললেন, ‘আবু হেনা রনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবু।’
বাংলাদেশের অনেক তারকাই ফেসবুকে রনির সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন। শাহনাজ খুশি লেখেন, ‘রনি শঙ্কামুক্ত নন, এই কথাটা কোনোভাবেই মানতে পারছি না। জুলাই মাসে ৯ দিন একসঙ্গে লস অ্যাঞ্জেলেসে একটা পরিবার হয়ে থেকেছি। বিদেশে বন্ধু চেনা যায়, সত্যিই তোকে নতুন করে চিনেছি। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ ভাই। তোর অ্যাওয়ার্ডের সার্টিফিকেটটা আমার লাগেজে দিয়েছিলি, সেটা নিয়ে যাবি।’
পরিচালক চয়নিকা চৌধুরী লেখেন, ‘রনিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। রনি বললেন, আপা, আপনি এত কষ্ট করে দেখতে এসেছেন, আমি খুশি হয়েছি। দোয়া করবেন। রনিকে দেখে খুব কান্না পেল। ওখানে দাঁড়িয়েই ওর জন্য প্রার্থনা করলাম।’
চঞ্চল চৌধুরী লেখেন, ‘ভাইরে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়। এখনো অনেক আনন্দ বাকি। তোর কথায় অনেক হাসতে চাই।’ এ ছাড়া নাভিদ মাহবুব, দিলারা হানিফ পূর্ণিমা, মামনুন ইমন, কর্ণিয়া, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেক তারকাই রনির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনি। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক ডা. আইয়ুব হোসেন জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর শ্বাসনালি ও একটি কান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
২০১১ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিযোগীরা অংশ নেন। সে আসরে একের পর এক পরিবেশনায় বাজিমাত করেন আবু হেনা রনি। এমনকি পশ্চিমবঙ্গের ভিকি-পার্থর সঙ্গে দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হন রনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে