
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক আকস্মিক ঘোষণার মাধ্যমে কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে দিলেন বর্তমান সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দুইবার জাতীয় পুরস্কারজয়ী এই শিল্পী জানিয়েছেন, তিনি চলচ্চিত্র বা প্লেব্যাক থেকে অবসর গ্রহণ করছেন। নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি সবাইকে চমকে দিয়েছেন।
কেন এই আচমকা প্রস্থান?
সম্প্রতি মুক্তি পাওয়া সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির ‘মাতৃভূমি’ গানটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই এই ঘোষণা এল। অরিজিতের ঘনিষ্ঠ মহলের মতে, এই সিদ্ধান্তে তাঁরা খুব একটা অবাক নন। গায়কের একটি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে তিনি লিখেছেন—‘এর পেছনে একটি নয়, অনেকগুলো কারণ আছে। আমি আসলে খুব দ্রুত কোনো বিষয়ে বিরক্ত বা একঘেয়েমি বোধ করি। সে কারণেই কনসার্টে আমি বারবার একই গানের অ্যারেঞ্জমেন্ট বদলে ফেলি। সহজ কথা হলো, আমি ফিল্মি মিউজিক নিয়ে বিরক্ত হয়ে গেছি।’
১৫ বছরের এক রাজকীয় সফর
২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে পরিচিতি পেলেও ২০১০ সালে তেলেগু ছবি ‘কেডি’ দিয়ে তাঁর প্লেব্যাক সফর শুরু হয়। তবে ২০১৩ সালে ‘আশিকি ২’ ছবির মাধ্যমে অরিজিৎ রাতারাতি তারকা হয়ে ওঠেন। গত ১৫ বছরে তিনি ৮০০-এর বেশি গান গেয়েছেন, সে হিসাবে বছরে গড়ে প্রায় ৫৩টি গান করেছেন তিনি। এ ছাড়া ‘পাগলাইত’-এর মতো ছবিতে সংগীত পরিচালনা এবং দেশ-বিদেশে লাগাতার লাইভ শো করে তিনি নিজেকে ক্লান্ত মনে করছেন।
গ্ল্যামার থেকে দূরে নিজের সুরের ভুবন
মুম্বাইয়ের জাঁকজমক থেকে দূরে মুর্শিদাবাদে নিজের স্টুডিওতে গান রেকর্ড করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অরিজিৎ। সেলিব্রিটি পার্টি বা মিডিয়া ইন্টারভিউতে তাঁকে খুব একটা দেখা যায় না। ঘনিষ্ঠদের মতে, অরিজিৎ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন, প্রচুর অর্থ উপার্জন করেছেন। কিন্তু চলচ্চিত্রের গানের ক্ষেত্রে প্রযোজক-পরিচালক এবং বাজারের চাহিদার যে সীমাবদ্ধতা থাকে, তা থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত।
গানের কি ইতি?
না, গান ছাড়ছেন না অরিজিৎ সিং। তিনি তাঁর পোস্টে স্পষ্ট করেছেন, ‘আমি আর নতুন কোনো প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নিচ্ছি না। ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি যাতে নিজের শর্তে গান তৈরি করতে পারি।’ ভক্তদের বড় একটি অংশ মনে করছেন, এটি অরিজিতের ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়ের শুরু। প্লেব্যাক ছাড়লেও তিনি স্বাধীনভাবে সুর সৃষ্টি করে যাবেন।
গায়ক হিসেবে অরিজিৎ আপাতত বিরতি নিলেও, তাঁর অনুরাগীরা বিশ্বাস করেন—তাঁর জাদুকরী কণ্ঠ আবারও ফিরে আসবে অন্য কোনো রূপে, অন্য কোনো সুরে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে