
অনেক জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে আছে গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের নাম। অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের জন্য মৌলিক গান লিখেছেন, সুর করেছেন। তবে সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্য কখনো মৌলিক গান তৈরি করা হয়নি মিল্টন খন্দকারের। আঁখির সঙ্গে দেখা হলেই মিল্টন খন্দকার বলতেন, ‘তোমার সঙ্গেই গানের কাজ করাটা বাকি।’ আঁখিও অপেক্ষায় ছিলেন একসঙ্গে গান করার জন্য।
অবশেষে সেই অপেক্ষার ইতি ঘটল। প্রথমবার মিল্টন খন্দকারের কথা ও সুরে মৌলিক গান গাইলেন আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘জোড়া শালিক’। এই গান তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’র জন্য। সম্প্রতি এই ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন মিল্টন খন্দকার ও আঁখি আলমগীর।
সেই সময়ের একটি ছবি ফেসবুকে শেয়ার করে নতুন এই গানের খবর দেন মিল্টন খন্দকার। ক্যাপশনে লেখেন, ‘এত দিন আঁখিকে দেখলেই বলতাম, তোমার সাথে গানের কাজ করাটাই বাকি! এখন আর বলতে পারব না। আঁখি আমার কথা সুরে একটি গান গেয়েছে। যে মুহূর্তে আঁখি ভয়েস দিল, আমার মরা গানের দেহে প্রাণ ফিরে এলো। মনে হলো, আমি একটি অসাধারণ গান করেছি।’
আঁখি আলমগীর বলেন, ‘মিল্টন খন্দকার ভাইয়ের লেখা এবং সুরে গান গাইলাম বিটিভির বৈঠকখানা অনুষ্ঠানে। সেটি মোটেও মরা গান নয়, ভীষণ তরতাজা গান। গাইতে পেরে আমি মহা আনন্দিত।’
আঁখি জানান, এটি প্রথম মৌলিক গান হলেও মিল্টন খন্দকারের লেখা একটি গানে প্রায় ২৭ বছর আগে সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। ‘আসামি বধূ’ সিনেমার ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ শিরোনামের গানটির সুরকার ছিলেন আলম খান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে