টালিউডে শোকের ছায়া। চলে গেলেন পরিচালক অনীক দত্ত। আজ বুধবার দুপুরে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনীক দত্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম।
পরিচালক অরিন্দম শীল, প্রযোজক রানা সরকার, ফিরদৌসুল হাসানসহ টালিউড সংশ্লিষ্ট অনেকে ফেসবুক পোস্টে অনীক দত্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে অনীকের বয়স হয়েছিল ৬৫ বছর।
এই সময়ের বাংলা সিনেমার অন্যতম খামখেয়ালি, প্রতিভাবান ও স্পষ্টভাষী পরিচালক অনীক দত্ত। তাঁর নির্মাণশৈলীতে বুদ্ধিমত্তা, সূক্ষ্ম রসবোধ, তীব্র সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ চমৎকারভাবে ফুটে ওঠে। প্রথম সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’ দিয়েই তিনি টালিউডে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।
অনীক দত্ত টালিউডের আর দশজন পরিচালকের চেয়ে আলাদা। কারণ তিনি আপসহীন এবং নিজের রাজনৈতিক ও সামাজিক আদর্শ নিয়ে ভীষণ স্পষ্টভাষী। সিনেমার পর্দায় কেবল বিনোদন দেওয়া তাঁর লক্ষ্য নয়, বরং হাসির ছলে দর্শককে সমাজ নিয়ে ভাবতে বাধ্য করাটাই ছিল অনীক দত্তের সিগনেচার স্টাইল।
কলকাতায় জন্ম নেওয়া অনীক দত্তের একটি ঐতিহাসিক পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তিনি ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তের নাতি। কলকাতার ঐতিহ্যবাহী পাঠ ভবন স্কুল থেকে স্কুলজীবন সম্পন্ন করেন। চলচ্চিত্র পরিচালনায় আসার আগে দীর্ঘদিন বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছেন।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অনীক দত্তের অভিষেক হয়। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন। প্রমোটরদের হাত থেকে কলকাতার পুরোনো এক বাড়িকে বাঁচাতে ভূতেরা কীভাবে এক জোট হয়—এমন এক চমৎকার রূপক ও ব্যঙ্গাত্মক গল্প নিয়ে তৈরি হয় সিনেমাটি।
অনীক দত্তের নির্মাণে সত্যজিৎ রায়ের বিশাল প্রভাব রয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘অপরাজিত’ সিনেমাটি ছিল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের পেছনের সংগ্রামকে কেন্দ্র করে তৈরি। সিনেমাটি বিশ্বজুড়ে সমালোচকদের তুমুল প্রশংসা কুড়ায়, বাণিজ্যিক সাফল্যও পায়। এ ছাড়া, ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটির নামকরণ ও চরিত্রবিন্যাসেও তিনি সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
ভূতের ভবিষ্যৎ, অপরাজিত, যত কাণ্ড কলকাতাতেই ছাড়াও অনীক দত্ত বানিয়েছেন ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণ বাবুর বন্ধু’সহ বেশ কিছু সিনেমা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে