আজ বুধবার সন্ধ্যায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বসে নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ দেখার কথা ছিল, রওনাও হয়েছিলেন তিনি। কিন্তু সেই সিনেমার উদ্বোধনী শোতে উপস্থিত হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা আহমেদ রুবেল। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। বিশেষ করে ‘পেয়ারার সুবাস’-এ রুবেলের সহ-অভিনয়শিল্পী জয়া আহসানসহ অন্যরা মৃত্যুসংবাদটি বিশ্বাস করতে পারছেন না। স্টার সিনেপ্লেক্সে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে কথা বলেন জয়া। এ সময় সহ-অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুর খবরে বিষাদ নেমে আসে। চোখের কোণে স্পষ্ট জল সবার।
জয়া উপস্থিত সাংবাদিক ও দর্শকদের উদ্দেশে বলেন, ‘এই মুহূর্তে কী বলব, বলার কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ওনার কাছে ছুটে যাই। আমার মনে হচ্ছে, স্ক্রিনে আবার তাঁকে দেখি। পরপর আমার ভীষণ দুটি কাজ ‘অলাতচক্র’ এবং ‘পেয়ারার সুবাস’-এ আমার সহ-অভিনেতা তিনি। এই মুহূর্তে কিছু বলবার মতো স্টেজে আমি নেই, কেউ নেই।’
এ সময় জয়া আরও বলেন, ‘রুবেল ভাইকে নিয়ে এভাবে আমাকে বলতে হবে, এটা কখনো ভাবিনি। খুব অদ্ভুত ব্যাপার ঘটে গেল। তাঁকে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করছি না যে তিনি নেই।’
‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শোয়ে বুধবার সন্ধ্যায় উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। এখানে অংশ নিতে আসার সময় বসুন্ধরা শপিং মলের বেসমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান তিনি। এরপর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর বিকেল ৫টা ৫৮ মিনিটে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুরে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের ঢাকা থিয়েটার নাট্যদলের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। আহমেদ রুবেল অভিনীত প্রথম টেলিভিশন নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।
এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চিরঞ্জীব মুজিব’ ও সর্বশেষ ‘পেয়ারার সুবাস’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে