বলিউড তারকা সালমান খান আজকাল যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে থাকছে বিশাল নিরাপত্তা বহর। অবস্থা এমন যে, সাধারণ মানুষ তো দূরের কথা অন্যান্য বলিউড তারকারাও তার কাছে ঘেঁষতে পারছেন না।
সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, একটি পথ ধরে এগিয়ে যাওয়ার সময় পথের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভারতীয় অভিনেতা ও ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কুশলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন সালমানকে ঘিরে থাকা দেহরক্ষীরা। এমনকি সেই মুহূর্তটিতে সালমানের সঙ্গে কিছুটা কথোপকথনের চেষ্টা করেও বহরের ঠেলা ধাক্কায় দূরে সরে যেতে দেখা গেছে ভিকিকে।
ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। সেখানেই গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ভিকি ও সালমান দুজনেই ছিলেন ওই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি।
ভিকি কুশলকে সালমানের দেহরক্ষীদের ধাক্কা দেওয়ার বিষয়টিতে মর্মাহত হয়েছেন অসংখ্য বলিউডপ্রেমী। এমনকি সালমানের ভক্তরাও এ ঘটনায় অবাক হয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপটি শেয়ার করে নিজেদের মতামত জানিয়েছেন।
শুক্রবার ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ভাইরাল হওয়া ভিডিওটি প্রথমে রেডিট-এ শেয়ার করেছিলেন এক ব্যক্তি। সেখান থেকেই এখন বিভিন্ন মাধ্যমে ঘুরছে ক্লিপটি। এটি শেয়ার করে একজন লিখেছেন, ’ভিকি কুশলকে কী অপমান! সালমান খান আর তার দেহরক্ষীরা পুরোপুরি অবজ্ঞা করেছে ভিকিকে এবং তাকে আইআইএফএ-২০২৩ এর রেড কার্পেট থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।’
আরেকজন লিখেছেন, ‘আপনি কে তা কোনো ব্যাপার নয়, যদি বাঘ এগিয়ে আসে তবে পথ আপনাকে ছেড়ে দিতেই হবে।’
উল্লেখ্য, ভিকি কুশলের স্ত্রী ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে এক সময় সালমান খানের প্রেমের গুঞ্জন ছিল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে