
বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী তাঁর কলেজজীবনের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ১৯৯৩ সালে দিল্লির হিন্দু কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতির বিরোধের জেরে তাঁকে অপহরণ করা হয়েছিল। সম্প্রতি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’-এর প্রচারণাকালে এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
এনডিটিভি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইমতিয়াজ আলী বলেন, দিল্লির পরিবেশ মানুষের মধ্যে এক ধরনের আগ্রাসী মনোভাব তৈরি করে এবং তাঁর কলেজজীবনে তিনিও বেশ আগ্রাসী স্বভাবের ছিলেন। তবে তাঁর অপহরণের ঘটনাটি শেষ পর্যন্ত একটি ‘সুন্দর’ অভিজ্ঞতায় রূপ নিয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
ইমতিয়াজ বলেন, ‘আমার সঙ্গে যা ঘটেছিল (অপহরণ), তা শেষ পর্যন্ত একটি সুন্দর অভিজ্ঞতায় পরিণত হয়। যে ঘটনাটি অত্যন্ত ভয়াবহ হতে পারত, সেটির সূত্র ধরেই আমি অনেক ভালো বন্ধু পেয়েছিলাম।’
ইউটিউব শো ‘আনফিল্টার্ড বাই সমদিশ’-এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে ইমতিয়াজ আলী জানান, ১৯৯৩ সালে দিল্লির বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এনএসইউআই এবং এবিভিপি-এর মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছিল।
সে সময় তাঁর হোস্টেলের সামনের দেয়ালে একটি ছাত্র সংগঠনের পোস্টার লাগানো হয়েছিল। ইমতিয়াজ জানান, হোস্টেলের সৌন্দর্য নষ্ট না করার জন্য তিনি পোস্টারটি সামনের দেয়াল থেকে সরিয়ে পাশের দেয়ালে লাগিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ছাত্ররা ক্ষুব্ধ হয়।
ইমতিয়াজ বলেন, ‘ঘটনার কয়েক দিন পর রাত আনুমানিক ২টার দিকে আমার এক রুমমেট এসে আমাকে বলল পালিয়ে যেতে, কারণ কিছু লোক আমাকে খুঁজতে আসছে। তারা এসে আমাকে তাদের সঙ্গে যেতে বলে। তারা মূলত আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য একটি সাইকেল রিকশা নিয়ে এসেছিল।’
সেখান থেকে তাঁকে জোরপূর্বক একটি সাইকেল রিকশায় করে একটি নির্জন সরকারি কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রাজনৈতিক ছাত্রনেতা তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
ইমতিয়াজ সেই নেতাকে বুঝিয়ে বলেন যে তিনি পোস্টারটি নষ্ট বা ছিঁড়ে ফেলেননি, কেবল স্থান পরিবর্তন করেছিলেন। পরবর্তীতে সেই নেতা ঘটনার সত্যতা যাচাই করে বিষয়টি জানতে পারেন এবং ভুল বোঝাবুঝির কারণে ইমতিয়াজকে ছেড়ে দেন। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে ইমতিয়াজকে ধরে নিয়ে আসার জন্য ওই নেতা নিজের এক সহযোগীকে চড় মারেন বলেও জানান এই পরিচালক।
দীর্ঘদিন পর নিজের অতীত হাতড়ে বেড়ানোর এই গল্পটি ইমতিয়াজ আলী শেয়ার করেছেন তাঁর নতুন সিনেমার প্রেক্ষাপটে। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন রোমান্টিক চলচ্চিত্র ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’।
পাঞ্জাবের পটভূমি, দেশভাগের বেদনা, অতীত ও বর্তমানের মেলবন্ধন এবং ভৌগোলিক সীমানা পেরিয়ে যাওয়া এক শাশ্বত প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ২০২৪ সালে নেটফ্লিক্সের সফল ছবি ‘অমর সিং চমকিলা’-র পর এটি ইমতিয়াজ ও দিলজিতের দ্বিতীয় যৌথ কাজ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং গান লিখেছেন ইরশাদ কামিল।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে