
আবারও বিতর্কে বহুল প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’। এবারের আলোচনার বিষয় ছবির দুই প্রধান অভিনেতা অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যে বিরোধ ও আইনি লড়াই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছেন অক্ষয় কুমার। অক্ষয়ের অভিযোগ, বৈধ চুক্তিতে সই করার পরও হঠাৎ করেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ।
হেরা ফেরির অভিনেতার পাশাপাশি ছবির প্রযোজকও অক্ষয় কুমার। অক্ষয়ের প্রযোজনা সংস্থা কেপ অব গুড ফিল্মসের মাধ্যমে মামলাটি করা হয়েছে। বলিউডে দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো সহ-অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন অক্ষয় কুমার।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং শুরু হয়। সেই সময় ছবির সেটে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি। কিন্তু কিছুদিনের মধ্যেই শুটিং ছেড়ে বেরিয়ে যান পরেশ। প্রযোজক সংস্থার দাবি, তাঁর এই হঠাৎ সিদ্ধান্তের ফলে ছবির প্রযোজনা আর্থিক ক্ষতি এবং শিডিউল বিশৃঙ্খলার মুখে পড়ে। পরেশ চুক্তিতে সই করেও শর্ত ভঙ্গ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে পরেশ রাওয়াল সামাজিক মাধ্যমে জানান, তাঁর সরে যাওয়ার পেছনে কোনো শিল্পবিরোধ নেই। তিনি লেখেন, ‘আমি স্পষ্ট করে দিতে চাই যে, ‘হেরা ফেরি ৩’ ছাড়ার সিদ্ধান্ত কোনো শিল্পবিরোধের কারণে নয়।’ তবে তাঁর এই সিদ্ধান্তের প্রকৃত কারণ কী, তা তিনি স্পষ্ট করেননি।
অবশ্য, চুক্তিবদ্ধ হওয়ার পর কোনো সিনেমা থেকে পরেশ রাওয়ালের বেরিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে শাহরুখ খান অভিনীত বিল্লু বারবার, ও মাই গড টু চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়ে শেষমেশ সরে দাঁড়ান তিনি। এর আগে এক সাক্ষাৎকারে চলচ্চিত্রগুলোর সিকুয়েল নির্মাণের খবরে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। তাঁর ভাষ্য ছিল, ‘একই জিনিস বারবার রাঁধলে চলে না। সবাই সিকুয়েল বানিয়ে বাজারে নামাতে চায়, কিন্তু সেই ৫০০ কোটির মূলধন থাকা চরিত্রগুলো নিয়ে নতুন কিছু করে না। মানসিক অলসতা কাজ করে। আমি কাজ করছি যেন ছবিটা আটকে না যায়, কিন্তু এতে কোনো আনন্দ নেই।’
এই পরিস্থিতিতে ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ভক্তরা অক্ষয়-পরেশ-সুনীল ত্রয়ীর পুনর্মিলনের অপেক্ষায় আছেন। কিন্তু বাস্তব জীবনের এই বিরোধ ফ্র্যাঞ্চাইজির জন্য একটি বড় ধাক্কা। এখনো পর্যন্ত অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল কেউই তাঁদের প্রাথমিক বিবৃতি ছাড়া বিস্তারিত কোনো মন্তব্য করেননি। নির্মাতাদের পক্ষ থেকেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে