Ajker Patrika

২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা
শিল্পী কনকচাঁপার হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

গতকাল ৭ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবারের আয়োজন সাজানো হয়েছিল বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টের উন্মুক্ত প্রাঙ্গণে। সংগীতজগতের জনপ্রিয় শিল্পী ও কলাকুশলীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এবার আজীবন সম্মাননা পেয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, বিশেষ সম্মাননা পেয়েছেন কাঙালিনী সুফিয়া।

সন্ধ্যা ৭টার কিছু সময় পরে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। এরপর মঞ্চে আসেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। তিনি ঘোষণা করেন আজীবন সম্মাননাপ্রাপ্ত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার নাম। উপস্থিত শিল্পী ও অতিথিরা করতালির মাধ্যমে অভিনন্দন জানান শিল্পীকে। কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে, সম্মাননা স্মারক এবং অর্থ সম্মানীর চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম ও প্রধান উপদেষ্টা মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ সম্মাননাপ্রাপ্ত শিল্পী কাঙালিনী সুফিয়ার নাম ঘোষণা করেন উপস্থাপক খায়রুল বাশার। শিল্পীকে উত্তরীয় পরিয়ে তাঁর হাতেও সম্মাননা স্মারক এবং অর্থ সম্মানীর চেক তুলে দেওয়া হয়।

খ্যাতিমান কণ্ঠশিল্পী রফিকুল আলম, ফেরদৌস আরা, অণিমা রায়, চ্যানেল আই সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ এবং ‘আমার চ্যানেল আই’ গানের মধ্য দিয়ে সূচনা হয় জাঁকজমকপূর্ণ এই আয়োজনের। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের পাশাপাশি ভিন্ন ভিন্ন পারফরম্যান্সে অংশ নেন শিল্পী তানভীর আলম সজীব ও তাঁর দল, মেহরীন ও মাহতিম সাকিব, মো. খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির জামান, লুইপা, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহিন, ঝিলিক, কিশোর ও অভিনেত্রী অপু বিশ্বাস এবং অভিনেতা আদর আজাদ। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন বাংলা গানের দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন।

শিল্পীদের পারফরম্যান্সের ভিত্তিতে মোট ১৮টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবার। আধুনিক গানে সেরা শিল্পী হয়েছেন লিজা, সেরা সুরকার বাপ্পা মজুমদার। সেরা ব্যান্ড হয়েছে মেট্রিক্যাল। ছায়াছবির গানে সেরা কণ্ঠশিল্পী হয়েছেন আতিয়া আনিসা। সেরা নজরুল সংগীতশিল্পীর সম্মাননা পেয়েছেন শহিদ কবির পলাশ এবং উচ্চাঙ্গসংগীতে শিল্পী নাশিদ কামাল।

২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপু মাহফুজ ও নীল হুরে জাহান।

বিজয়ীদের তালিকা

আধুনিক গান

সেরা শিল্পী: লিজা (খুব প্রিয় আমার)

ইউটিউবে সেরা: এঞ্জেল নূর (যদি আবার)

সেরা সুরকার: বাপ্পা মজুমদার (অবশেষে)

সেরা গীতিকার: তারেক আনন্দ ও শাহনাজ কাজী (প্রেমবতী মা)

সেরা ব্যান্ড: মেট্রিক্যাল

সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার: সেতু চৌধুরী (গণতন্ত্রের ঘুড়ি)

সেরা দ্বৈত সংগীতশিল্পী: ইমরান ও সিঁথি সাহা (প্রেম বুঝি)

লোকসংগীত

সেরা শিল্পী: বিউটি (চার চাঁদে দিচ্ছে ঝলক)

ইউটিউবে সেরা: শরিফ উদ্দিন দেওয়ান সাগর (মা লো মা)

ছায়াছবির গান

সেরা শিল্পী: আতিয়া আনিসা (ছোট্ট সোনা)

ইউটিউবে সেরা: দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল)

সেরা সুরকার: শওকত আলী ইমন (ছোট্ট সোনা)

সেরা গীতিকার: রোহিত সাধুখাঁ (বেঁচে যাওয়া ভালোবাসা)

অন্যান্য ক্যাটাগরিতে সেরা

নজরুল সংগীতশিল্পী: শহিদ কবির পলাশ

উচ্চাঙ্গসংগীত শিল্পী: নাশিদ কামাল

সেরা মিউজিক ভিডিও নির্মাতা: তানভীর তারেক (পাখি আমার নীড়ের পাখি)

সেরা নবাগত শিল্পী: সভ্যতা (অধিকার)

সেরা অডিও কোম্পানি: বেঙ্গল মিউজিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ: শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন—সুযোগ নেই

ইরানের ১০ দফা প্রস্তাব—শান্তির রূপরেখা নাকি ট্রাম্পের জন্য কূটনৈতিক ফাঁদ

হরমুজ প্রণালিতে কি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংসদে পাস

যুদ্ধবিরতি: হরমুজ থেকে টোল আদায় করবে ইরান-ওমান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত