দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এই প্রথম ওয়েব কনটেন্টে দেখা দিচ্ছেন জয়া আহসান। আশফাক নিপুনের পরিচালনায় ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। সিরিজটি দেখা যাবে হইচইয়ে। এ বছর প্ল্যাটফর্মটিতে নতুন যে সিরিজগুলো দেখা যাবে, গতকাল তার ঘোষণা দিয়েছে হইচই। সেখানেই জানানো হয় জিম্মি সিরিজে জয়ার অভিনয়ের বিষয়টি।
এ সিরিজের গল্পে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে জয়া অভিনীত চরিত্রটি।
জিম্মি ছাড়াও গতকাল আরও পাঁচটি ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছে হইচই। এর মধ্যে অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমণি। এর গল্পে দেখা যাবে, বরিশালের গ্যাংস্টার প্রদীপ জানতে পারে, সে বাবা হতে যাচ্ছে। এরপর খারাপ কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। পরদিন স্থানীয় এমপিকে হত্যার দায় তার কাঁধে চাপে। এরপর থেকে পালিয়ে বেড়ায় প্রদীপ।
শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ সিরিজে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। এর গল্পে দেখা যাবে, পুলিশ কর্মকর্তা গোলাম মামুন খুনের দায়ে আটক হয়। বন্ধু দম্পতির খুনেও জড়িয়ে যায় তার নাম। আইনরক্ষক মামুনকে আইন ভেঙে পুলিশের হাত থেকে পালাতে হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে। কিন্তু বাইরে অপেক্ষা করছে আরও বড় বিপদ।
চঞ্চল চৌধুরীও আসছেন নতুন ওয়েব সিরিজ নিয়ে। ‘রুমি’ নামের এ সিরিজে তাঁকে দেখা যাবে এক অন্ধ গোয়েন্দার চরিত্রে। পরিচালনায় ভিকি জাহেদ। এ নির্মাতা মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘মিথ্যাবাদী’ নামে আরও একটি সিরিজ বানাচ্ছেন।
মোশাররফ করিম অভিনীত নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ প্রচারে আসবে এ বছর। পরিচালনায় অমিতাভ রেজা চৌধুরী। এর গল্পে দেখা যাবে, ট্রাক ড্রাইভার আব্বাস সাত জেলায় সাতটি বিয়ে করেছে। কোনো বউ জানে না তার অন্য বউদের খবর। তবে আট নম্বরে গিয়ে ফেঁসে যায় আব্বাস। তার জীবনে শুরু হয় জটিলতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে