ভালোবাসা সব সময় শব্দ চায় না; বিশেষ করে সেই ভালোবাসা, যা এক নীরব আত্মত্যাগে প্রতিদিন গড়ে তোলে আমাদের স্বপ্ন, সাহস আর সাফল্যের ভিত্তি। তিনি আমাদের চোখে কখনো কাঁদেন না, ক্লান্তিও দেখান না, কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে তাঁর নিরলস প্রেরণা। তিনি আমাদের বাবা।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ের গহিন থেকে উঠে আসা কিছু ভালোবাসায় মোড়া কথামালা তুলে ধরা হলো। যেখানে রয়েছে বাবাকে নিয়ে না বলা কথা, স্মৃতির স্পর্শ, কৃতজ্ঞতার ভাষা আর গভীর অনুভব।

বাবা আমার জীবনের প্রতিটি নিশ্বাস
তারানা তানজিনা মিতু শিক্ষার্থী, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আমার কাছে বাবা কেবল একটি দিনের জন্য নন, তিনি আমার প্রতিটি মুহূর্তের অংশ। যদি না ভেবে বলতে হয়, আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি—উত্তর হবে, আমার বাবা। তিনি আমার জীবনের সুপারহিরো, আমার প্রতিটি সমস্যার সমাধান। বাবার সঙ্গে এক কাপ চায়ে গল্প মানে সব দুশ্চিন্তা থেকে মুক্তি। আমি ঘরে না ফেরা পর্যন্ত তিনি অস্থির থাকেন। আমার হাসি-আনন্দই তাঁর শান্তি। বাবার সততা ও ভালোবাসাই আমাকে ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে। আমার মুখ দেখেই তিনি আমার না বলা দুঃখ বুঝে যান, কোনো আঘাত না দেখেই যেন আমার রোগ ধরতে পারেন। মুখে হাসি না থাকলে তার কারণ জানতে চাওয়া—এমন অদ্ভুত ভালোবাসা আর খেয়াল রাখা মানুষটিই আমার বাবা। বিশ্বের সব বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

আমার জীবনপথের পাথেয়
তানজিল কাজী, শিক্ষার্থী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বাবা—শুধু একটি শব্দ নয়, এক নির্ভরতার ছায়া। ছোট্ট হাতটি ধরে হাঁটতে শেখানো সেই মানুষটিই আমাদের জীবনের প্রথম নায়ক। তিনি কখনো মুখে বলেন না ‘ভালোবাসি’, কিন্তু প্রতিটি মুহূর্তে সন্তানের ভালো থাকাটাই তাঁর জীবনের সবচেয়ে বড় সার্থকতা। নিজের স্বপ্নগুলো চাপা দিয়ে সন্তানের হাসিমুখের জন্য দিনরাত পরিশ্রম করেন। বাবা মানেই আত্মত্যাগের প্রতিমূর্তি—যিনি নীরবে সব সহ্য করে যান, সন্তানের ভবিষ্যতের জন্য প্রতিটি পদক্ষেপে চিন্তা করেন। সময়ের সঙ্গে সঙ্গে সন্তান যখন বড় হয়, তখন সেই শক্ত বাবাও বয়সের ভারে নুয়ে পড়েন। তখন আমাদের দায়িত্ব হয় তাঁকে ভালোবাসা, শ্রদ্ধা ও যত্নে আগলে রাখা। বাবা শুধু অভিভাবক নন, তিনি আদর্শ, ভালোবাসার মহিরুহ। তাঁর ছায়া ছাড়া জীবন অনিরাপদ। প্রতিটি দিনই হোক তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। তোমাকে খুব ভালোবাসি, বাবা।

বলা হয়নি, ভালোবাসি বাবা
রাহমান জিকু, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
বাবা, তুমি আমার জীবনের নিখুঁত আশ্রয়। তোমার কাঁধে মাথা রেখে ঘুমানো সেই ছোট্ট শিশু আজ বড় হলেও, ভালোবাসাটা রয়ে গেছে আগের মতোই। শৈশবে তোমার পিঠে চড়ে, অফিস শেষে তোমার হাত ধরে বাড়ি ফেরার মুহূর্তগুলো এখনো মনে স্পষ্ট। দীর্ঘ ৬ বছর দূরে থাকলেও তোমার প্রতি ভালোবাসার টান একটুও কমেনি; বরং বেড়েছে। এখনো ইচ্ছা করে, তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। তুমি ক্লান্ত হও না, সব সময় আমার সব আবদার নিঃশব্দে মেটাও। বড় হয়ে বুঝেছি তোমার ভালোবাসা আর ত্যাগের মানে। তোমার অসীম যত্ন আর ভালোবাসার কাছে আমি বড্ড অসহায়।
বাবা, কখনোই বলা হয়নি—ভালোবাসি। তোমার সেই ছোট্ট শিশুটিও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসে, বাবা। স্রষ্টার কাছে প্রার্থনা—তুমি ভালো থেকো, দীর্ঘজীবী হও। সব সময় পাশে থেকো আমার প্রিয় বাবা।

বাবা কখনো বৃদ্ধ হয় না
অর্ণব দাশ, শিক্ষার্থী, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
যে মানুষটির প্রতিদিনের পরিশ্রমে আমাদের ভালো থাকার গল্প গড়ে ওঠে, তিনি আমার বাবা। ছোটবেলায় বাবা মানেই ছিল শাসনের ভয়, তবে সেই ভয়ই ছিল ভালোবাসার অন্য রূপ। আমার পড়াশোনার প্রতি বাবার যত্ন ছিল অপরিসীম। ক্লান্ত শরীরেও দিন শেষে তিনি খোঁজ নিতেন—আমি কেমন পড়ছি। সেই কঠোরতা থেকেই বাবার প্রতি ভয় জন্ম নেয়। অথচ ছোটবেলায় তাঁর কোলে চড়ে বা আঙুল ধরে হাঁটার স্মৃতিই সবচেয়ে মধুর। সব বাবাই ছেলেদের বড় করেন, কিন্তু নিজেরা কখনো ছেলে হয়ে উঠতে পারেন না। তাঁরা কখনো বৃদ্ধ হন না। মুখে না বললেও বাবার চোখের ক্লান্ত হাসিতে আমি সব বুঝে যাই। বাবা, তোমার ছোট্ট অর্ণব তোমায় খুব ভালোবাসে। ভালো থাকুন পৃথিবীর সব বাবা।

শুধু বলেছ, ‘যাও, আমি আছি’
শ্রেয়া ঘোষ, হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজ
জীবনে প্রত্যেক মানুষের প্রয়োজন হয় একটি দৃঢ় ভিত্তি, পায়ের নিচে শক্ত মাটি আর পিঠের পেছনে ভরসার দুটি ডানা। আমার জীবনে সেই মাটি তুমি, আর যেই ডানায় ভর করে আমি স্বপ্ন দেখি, সেটাও তুমি গুঁজে দিয়েছ। তুমি কখনো সরাসরি হাত ধরে পথ দেখাওনি, কিন্তু থেকেছ পাশে, একটা নিঃশব্দ আশ্রয়ের মতো, যেখানে দাঁড়িয়ে আমি প্রতিটি নতুন পদক্ষেপে সাহস পেয়েছি। তুমি আমাকে শেখাওনি কীভাবে উড়তে হয়, কিন্তু মনের গভীরে নিঃশব্দে গুঁজে দিয়েছ পাখা, যা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, আর সেই স্বপ্ন ছুঁতে আত্মবিশ্বাস দিয়েছে। তুমি কোনো দিন আটকে রাখোনি, বরং সামনে ঠেলে দিয়েছ। শুধু বলেছ, ‘যাও, আমি আছি।’ আজ হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই— বাবা, তুমি যে পাখা দিয়েছ, তাতেই আমি আকাশ চিনেছি।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
৪ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
৫ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে