
সাহিত্যের চরিত্র যখন বইয়ের পাতা ছেড়ে মঞ্চস্থ হয়, তখন তা শুধু অভিনয় নয়, হয়ে ওঠে এক জীবন্ত অভিজ্ঞতা। সেই আবহই তৈরি হয়েছিল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি)-র ইংরেজি বিভাগের আয়োজিত ড্রামা স্যাম্পলারে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এর সার্বিক তত্ত্বাবধান করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রোকেয়া খাতুন।
অনুষ্ঠানে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ও রোমান্টিক নাটকের নির্বাচিত অংশ মঞ্চস্থ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয় মিলনায়তনকে উচ্ছ্বাসে পূর্ণ করে তোলে। চার শতাব্দী আগে রচিত হলেও শেক্সপিয়ারের নাটক আজও সমান প্রাসঙ্গিক। মানুষের ভালোবাসা, ঈর্ষা, ক্ষমতার লোভ ও মানসিক দ্বন্দ্বকে তিনি এমন গভীরতায় তুলে ধরেছেন, যা সময় পেরিয়েও দর্শকহৃদয়ে অনুরণন তোলে। এই আয়োজনে তাঁর একাধিক নাটক মঞ্চস্থ হয়। এগুলোর মধ্যে রয়েছে কিং লিয়ার, টুয়েলফথ নাইট, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, রোমিও অ্যান্ড জুলিয়েট, ওথেলো, হ্যামলেট ও ম্যাকবেথ।

কিং লিয়ার নাটকে লিয়ার চরিত্রে অভিনয় করেন মাজিদ আহনাফ খান। তাঁর তিন কন্যার ভূমিকায় ছিলেন ফিজা জান্নাত, সুলতানা লিজা ও মরিয়ম। এক বৃদ্ধ রাজার অহংকার, কন্যাদের ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার করুণ পরিণতি—সব মিলিয়ে এটি ছিল হৃদয়বিদারক উপস্থাপনা। রেগান চরিত্রে অভিনয় করা সুলতানা লিজা বলেন, ‘রেগান চরিত্রে অভিনয় দারুণ উপভোগ করেছি। এই নাটক আমাকে শিখিয়েছে, ক্ষমতা বা মিথ্যা প্রশংসার চেয়ে সততা ও সত্যিকারের ভালোবাসাই বেশি মূল্যবান।’
সামসুন্নাহার পিংকি ও মোহাম্মদ ফরহাদ ‘টুয়েলফথ নাইট’-এ ভায়োলার ও অরসিনোর চরিত্রে অভিনয় করেন। ভুল পরিচয় ও ছদ্মবেশ, অবশেষে ভালোবাসার স্বীকৃতির দৃশ্যটি দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। মোহাম্মদ ফরহাদ বলেন, ‘অরসিনোর চরিত্রে অভিনয় আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে এবং চরিত্রের আবেগ দর্শকের কাছে পৌঁছে দেওয়ার এক চমৎকার অভিজ্ঞতা হয়েছে।’

মার্ক অ্যান্টনি চরিত্রে হাদিউল ইসলাম এবং ক্লিওপেট্রা চরিত্রে ইসরাত জাহান এম্মা অভিনয় করেন অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা নাটকে। ক্ষমতা, রাজনীতি আর আবেগের টানাপোড়েনের মধ্যে গড়ে ওঠা এক তীব্র প্রেমের গল্প এটি। দুই ক্ষমতাধর শাসকের ভালোবাসা কীভাবে ইতিহাস আর সাম্রাজ্যের বাস্তবতার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে—এই নাটক সেই নাটকীয় কাহিনিই তুলে ধরে। হাদিউল ইসলাম বলেন, ‘চরিত্রটি বোঝা ও উপস্থাপন করা খুবই চ্যালেঞ্জিং, তবে এটি আমাকে অনেক কিছু শিখিয়েছে।’
রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে রোমিও চরিত্রে অভিনয় করেছেন তৌহিদু ইসলাম রাব্বি এবং জুলিয়েট চরিত্রে সাথী। তরুণ প্রেম এবং দুই পরিবারের দ্বন্দ্বের করুণ পরিণতিই এই নাটকের মূল সারমর্ম। তৌহিদু ইসলাম রাব্বি বলেন, ‘রোমিও চরিত্রে থাকার সময় মনে হয়েছে, আমরা সবাই মিলে একটা জীবন্ত গল্প তুলে ধরছি।’
ওথেলো নাটকে ওথেলো চরিত্রে জালাল উদ্দিন রুমি এবং ডেসডেমোনা চরিত্রে তাবাসসুম অভিনয় করেন। সন্দেহ ও ঈর্ষা কীভাবে ভালোবাসাকে ধ্বংস করে—তার মর্মান্তিক চিত্র ফুটে ওঠে এই অংশে।
হ্যামলেটে হ্যামলেট চরিত্রে কবির হোসেন এবং অফেলিয়া চরিত্রে তাহসিনা হক অভিনয় করেন। মানসিক দ্বন্দ্ব ও বেদনার গভীর প্রকাশ দর্শকদের স্পর্শ করে। ম্যাকবেথে ম্যাকবেথ চরিত্রে মেহেদী হাসান হৃদয় এবং লেডি ম্যাকবেথ চরিত্রে অঞ্জুম অপোলা অভিনয় করেন। ক্ষমতার লোভ ও উচ্চাকাঙ্ক্ষার অন্ধকার পরিণতি নাট্যাংশকে করে তোলে তীব্র ও প্রভাবশালী। অঞ্জুম অপোলা বলেন, ‘উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার প্রতি লোভ এবং সেগুলোর প্রভাবে নেওয়া সিদ্ধান্তগুলোর মানসিক গভীরতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

সব মিলিয়ে, ড্রামা স্যাম্পলারটি ছিল শেক্সপিয়ারের অমর চরিত্রগুলোর প্রাণবন্ত উপস্থাপনা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূঁইয়া, ট্রেজারার সায়েদা আক্তার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মহসিন মিয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, প্রভাষক মোহাম্মদ সোলাইমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
২০ ঘণ্টা আগে