
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক নেতারা সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, ‘প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর মধ্যে আমরাও (প্রাথমিকের সহকারী শিক্ষকেরা) যদি অনশন কর্মসূচি শুরু করি, তাহলে বড় ঝামেলা সৃষ্টি হবে। সার্বিক বিবেচনায় ঐক্য পরিষদের নেতারা অনশন কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে আগামীকাল শুক্রবার থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিল প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।
শিক্ষক নেতাদের সঙ্গে সভা শেষে আজ সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতনের দাবি করছেন। আমরা মনে করি, তাঁদের এ দাবি যৌক্তিক। উপদেষ্টা এ দাবির বিষয়ে পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। তাঁদের কাছে লিখিত আকারে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া শিক্ষকদের চাকরির ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন।
‘আমরা এ বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিবের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা এ বিষয়ে পে কমিশনের সুপারিশ পেলে তা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন।’
দীর্ঘদিন ধরে মামলার কারণে প্রাথমিকের সহকারী শিক্ষকেরা পদোন্নতি পাচ্ছেন না মন্তব্য করে মহাপরিচালক বলেন, ‘মামলাটি কিছুদিন আগে শুনানি হয়েছে, শুনানি সরকারের পক্ষে। শিক্ষকদের পদোন্নতির জটিলতা নিরসনে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধিমালা সংশোধনের প্রস্তাব করেছি, যেখানে নির্দিষ্ট যোগ্যতা থাকার প্রেক্ষিতে প্রধান শিক্ষকদের একটি অংশকে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’
তিন দফা দাবিতে গত ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকেরা। দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
পরে গত ২৯ মে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে কর্মবিরতির কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়।
এরপর গত ৩০ আগস্ট দিনভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। সেদিন তাঁরা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে যাবেন।
তবে শারদীয় দুর্গাপূজার ছুটি এসে পড়ায় এই কর্মসূচি পিছিয়ে ১৭ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে