
রাজধানীর উত্তরার মোজাফফর গার্ডেন সিটি আবাসিক কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন অ্যাওয়ারনেস ট্রেইনিং ২০২৬’ শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা। গত শুক্রবার বিকেলে মোজাফফর গার্ডেন সিটি মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় ১৭ জন মধ্যবয়সী ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অংশ নেন।
কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের অংশ হিসেবে কর্মশালাটির আয়োজন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ১৫ জন শিক্ষার্থী। ছয়টি মডিউলে বিভক্ত এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন ছয় শিক্ষার্থী।
প্রথম মডিউলে অংশগ্রহণকারীদের ডিজিটাল সিটিজেনশিপ, ইন্টারনেট নিরাপত্তার মৌলিক ধারণা এবং ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি অনিরাপদ ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি, যেমন ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা, ভুয়া খবর ছড়ানো ও সাইবার বুলিং সম্পর্কেও আলোচনা করা হয়। বাংলাদেশে প্রচলিত প্রতারণার উদাহরণ হিসেবে লটারি জেতার ভুয়া বার্তা এবং বিকাশ ও নগদের মতো ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মে প্রতারণার ঝুঁকি তুলে ধরা হয়।

দ্বিতীয় মডিউলে পাসওয়ার্ড নিরাপত্তার গুরুত্ব ব্যাখ্যা করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির নিয়ম শেখানো হয়। এতে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। তৃতীয় মডিউলে অ্যাকাউন্ট সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়, যেমন অচেনা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা, ওটিপি গোপন রাখা এবং দুই স্তরের নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) চালু রাখা।
চতুর্থ মডিউলে ভুয়া অ্যাকাউন্ট চেনার কৌশল শেখানো হয়। প্রোফাইল তথ্যের অসঙ্গতি, প্রোফাইল ছবি না থাকা, কম বন্ধু থাকা এবং সন্দেহজনক লিংক পাঠানোর মতো লক্ষণগুলো চিহ্নিত করার বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পঞ্চম মডিউলে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা তৈরি করা হয় এবং এর মোকাবিলায় করণীয় হিসেবে উত্তর না দেওয়া, ব্লক করা, স্ক্রিনশট সংরক্ষণ ও রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়।

ষষ্ঠ ও শেষ মডিউলে অনলাইনে ভদ্র আচরণ, দায়িত্বশীলতা, তথ্য যাচাই, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং অন্যদের সহায়তার মতো বিষয়গুলো তুলে ধরা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবিল খান, যিনি একাডেমিক সুপারভাইজার হিসেবে শিক্ষার্থীদের কমিউনিটি অ্যাকশন প্রকল্প কার্যক্রমে দিকনির্দেশনা দেন।
মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ মহসীন বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একটি আবাসিক কমিউনিটির বয়োজ্যেষ্ঠদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম আসাদুজ্জামান প্রামাণিক বলেন, বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও এ ধরনের কর্মশালা আয়োজন করা উচিত। তিনি হাতে-কলমে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, কর্মশালাটির পৃষ্ঠপোষকতা করে ব্রিটিশ কাউন্সিল, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কমিউনিটি পার্টনার হিসেবে ছিল মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‘কলেজ’ শাখায় আগামীকাল রোববার থেকে তিন দিন অফলাইন (সশরীরে) ও তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। আজ শনিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশনস: কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’ শেষ হলো গতকাল শুক্রবার। সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।
৮ ঘণ্টা আগে
দেশের তরুণেরা এখন কেবল স্বপ্ন দেখেই থেমে নেই, সেই স্বপ্নকে গবেষণায় রূপ দিচ্ছে। এর অনন্য উদাহরণ আরমান সৈকত। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে তিনি এখন দক্ষিণ কোরিয়ার কোরিয়া বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম ইনফরমেশন ফিজিকসে পিএইচডি করছেন।
১৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মো. রাকিব উজ জামান। ৪৪তম বিসিএসে উত্তীর্ণ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। পরবর্তীকালে আবারও ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেন। তাঁর অভিজ্ঞতার আলোকে নমুনা ভাইভা তুলে ধরেছেন তিনি।
১৬ ঘণ্টা আগে