
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ পুকুরসংলগ্ন আহাম্মদ সরকার সড়ক বন্ধের উদ্যোগের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার সন্ধ্যায় সড়কসংলগ্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় ধরে এলাকাবাসী সড়কটি ব্যবহার করছেন। সড়কটি বন্ধ করে দিলে আশপাশের কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যাহত হবে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে।
বক্তাদের দাবি, সড়কটি বন্ধ হলে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদে যাতায়াতকারী মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘এটা আমাদের বাপ-দাদার আমলের রাস্তা। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, মানুষ এই পথ দিয়ে চলাচল করছে। ইউএনও একতরফাভাবে এই রাস্তা বন্ধ করতে পারেন না। প্রয়োজন হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই রাস্তা দিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করে।’
ফারুক আহমেদ ও আবু রায়হান অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ পুকুরকে ঘিরে একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে। তাঁদের দাবি, একসময় এলাকাবাসী ওই পুকুরে সাঁতার কাটতে পারলেও বর্তমানে মাছ চাষের কারণে সেটি সীমাবদ্ধ হয়ে গেছে। সড়কটি নতুন করে পাকা করা হলেও পুকুর খননের কারণে সেটি হেলে পড়েছে। তাঁদের ভাষ্য, পুকুরকেন্দ্রিক নতুন প্রকল্প এনে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে।
স্থানীয় জাবাদুল হক খান বলেন, ‘এই পুকুর যেন সোনার হরিণ। আগের ইউএনও মাছ চাষ প্রকল্প দেখিয়ে এক কোটি টাকার ওপরে খরচ করেছেন। কোনো ফায়দা হয়নি। এবার পুকুর খনন করার পর সড়ক হেলে পড়েছে, প্রয়োজন ছিল না খননের। এখানে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প এনে সরকারি অর্থ খরচ করা হয়েছে। কিছুদিন আগে ইউএনওর বাসায় কিছু কাজ হয়েছে। কয়েক লাখ টাকার কাজ হয়েছে, যেগুলোর নাকি কোনো টেন্ডারই নাই। এখন শুনতেছি ওইগুলোর টেন্ডার হবে। কাজ হওয়ার পর টেন্ডার হয় কীভাবে? আমি বলব, এই সড়ক যাতে কোনোভাবেই বন্ধ না হয়।’
মাহফুজুর রহমান কবীর বলেন, ‘এই রাস্তা তৈরিতে পৌরসভা কোনো জমি অধিগ্রহণ করে নাই। মানুষের কাছ থেকে জায়গা নিয়ে রাস্তা করা হয়েছে। উনি যদি পৌরসভার দায়িত্বে (প্রশাসক) থেকে এ রকম দৃষ্টান্ত স্থাপন করেন, তবে পৌরসভার জন্য আর কেউ কখনো জায়গা দেবে না।’
ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্থানীয় বাসিন্দা ফয়েজ উদ্দিন সরকার বলেন, ‘এই রাস্তা বন্ধ কইরা দিয়া কেইল্লেগ্যা আরেকটা রাস্তা করুইন লাগে, কেইল্লেগ্যা সরকারি টেহা অপচয় করুইন লাগে? রাস্তা-সংলগ্ন দিঘি খনন কইরা অর্থ আত্মসাৎ করছে।’
অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসিক এলাকার সড়কটিতে নিয়মিত ভারী যানবাহন চলাচল এবং দ্রুতগতির যানবাহনের কারণে বিভিন্ন সমস্যা ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া সড়কটির পাশে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থাকায় নিরাপত্তাজনিত বিষয় বিবেচনা করে সড়কটির নকশা ও চলাচল ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে