
বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার মাত্র এক দিন চরম এক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হলো উরুগুয়ে। মেক্সিকো থেকে মায়ামিগামী তাদের ফ্লাইটটির আকাশপথের দূরত্ব মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটের হলেও, ফিফার নথিপত্র সংক্রান্ত এক ভুলের কারণে তা দীর্ঘ সময় আটকে থাকে। তবে সব শঙ্কা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে উরুগুয়ে দল।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় (মায়ামি সময় সোমবার সন্ধ্যা ৬টা) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। বিশ্বকাপের নিয়মানুযায়ী, ম্যাচের অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট শহরে পৌঁছানোর বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু উরুগুইয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেক্সিকোর কানকুন থেকে তাদের যে চার্টার্ড ফ্লাইটে ওঠার কথা ছিল, সেটি যুক্তরাষ্ট্রে প্রবেশের ছাড়পত্র পায়নি। কাগজপত্র যাচাইয়ের সময় দেখা যায়, উড্ডয়নের সেই বিশেষ অনুমতিপত্রটি প্রস্তুত করতে ব্যর্থ হয়েছে ফিফা। পরে স্কোয়াডটিকে দক্ষিণ ফ্লোরিডায় নিতে দ্বিতীয় একটি বিমানের ব্যবস্থা করা হয়।
রোববার এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল ফেডারেশন (এইউএফ) জানায়, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরের সমস্যার কারণে মেক্সিকো থেকে রওনা হতে বিলম্ব হয়েছে। দল হোটেলে বিশ্রাম নিচ্ছে। ফিফা নতুন প্রস্থানের সময় নির্ধারণ করেছে বিকেল ৪টা ১৫ মিনিট (কানকুন সময়)।’ এই বিলম্ব ফিফার কারণেই হয়েছে কি না—‘দ্য অ্যাথলেটিক’-এর এমন প্রশ্নের জবাবে এইউএফের একজন মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন, ‘হ্যাঁ, কথাটি সঠিক।’ এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি ফিফা।
ফ্লাইটের এই বিলম্বের কারণে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা এবং ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসের নির্ধারিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনও পিছিয়ে যায়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সংবাদ সম্মেলনটি পুনর্নির্ধারণ করে রাত ৮টায় নেওয়া হয়। এটি সময়মতো অনুষ্ঠিত না হলে এইউএফকে ফিফার শাস্তির (জরিমানা) মুখে পড়তে হতে পারে। যদিও ভুলের পুরো দায় ফিফার, তবুও জরিমানা গুনতে হতে পারে উরুগুয়েকেই।
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে