Ajker Patrika

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর
অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। ছবি: সংগৃহীত

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন জামিনের আবেদন নামঞ্জুর করেন।

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আবুল বারকাতের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। ঢাকা মহানগর অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত রোববার এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

অধ্যাপক আবুল বারকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি তিনিসহ ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর গত বছরের ১০ জুলাই ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে কারাগারে বন্দী অধ্যাপক আবুল বারকাত। দীর্ঘদিন কারাগারে থাকার পর হাইকোর্ট তাঁকে জামিন দেন। ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ২১ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর জামিন বহাল রাখেন। তবে শর্ত দেন যে, আদালতে পাসপোর্ট দাখিল করতে হবে। বারকাতের পাসপোর্ট জমা দিয়ে গত ৭ জুন জামিননামা দাখিল করা হয়। এরপর পুলিশ তাঁকে ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত